ম্যালেরিয়া ছড়াচ্ছে উঁচু এলাকাতেও!
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত এলাকাগুলোতেও ম্যালেরিয়া রোগ ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানীর একটি গবেষণায় এ ইঙ্গিত দেওয়া হয়েছে।
মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায়। গবেষকেরা দেখতে পেয়েছেন, উষ্ণ বছরগুলোতে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সুউচ্চ ভূমিগুলোতে বসবাসকারী লোকজনের মধ্যে ম্যালেরিয়া রোগ ছড়ানোর ঝুঁকি বেশি। তাপমাত্রা বৃদ্ধির কারণে কিছু এলাকায় ভবিষ্যতে লাখ লাখ বাড়তি মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে বলে ওই গবেষকেরা আশঙ্কা করছেন।
বিজ্ঞানীদের এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত হয়েছে। গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক মার্সিডিজ পাসকুয়াল।
সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত এলাকাগুলো ঐতিহ্যগতভাবে ম্যালেরিয়ার মতো বিপর্যয়কারী রোগ থেকে মুক্ত থাকে। এ ধরনের এলাকায় ঠান্ডা বাতাসের প্রকোপ বেশি থাকে বলে, সেখানে ম্যালেরিয়ার জীবাণু ও মশা টিকে থাকতে পারে না। মূলত এ কারণেই মানুষজন উঁচু এলাকাগুলোকে বসবাসের জন্য বেছে নিয়ে থাকে। তবে বিজ্ঞানীরা এখন বলছেন, এই রোগ এখন এমন নতুন সব এলাকায় ছড়িয়ে পড়ছে, যেখানে এর আগে ম্যালেরিয়ার প্রকোপ ছিল না। বিষয়টি প্রমাণ করতে বিজ্ঞানীরা কলম্বিয়া ও ইথোওপিয়ার ঘনবসতিপূর্ণ উঁচু এলাকাগুলোর ওপরে নজর রাখেন। ওই এলাকাগুলোতে গত শতাব্দীর নব্বইয়ের দশক থেকে শুরু করে ২০০৫ সাল পর্যন্ত তাপমাত্রা এবং ম্যালেরিয়া রোগের তথ্য-উপাত্ত সংগ্রহ করেন তাঁরা।
বিজ্ঞানীরা দেখতে পান, যেসব বছরে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি ছিল, সেসব বছরে উঁচু পর্বতময় এলাকাগুলোতেও ম্যালেরিয়ার প্রাদুর্ভাব হয়। আর তুলনামূলক ঠান্ডা বছরগুলোতে এ রোগ নিম্নভূমিগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল।
বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, তাপমাত্রা আরও বাড়লে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবও বৃদ্ধি পেতে পারে। বিবিসি।