ম্লাদিচের আত্মগোপনে সহায়তাকারীদেরও বিচার করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্রেব্রেনিৎসায় গণহত্যার কথিত মূলহোতা সাবেক বসনীয়-সার্ব সেনাপ্রধান রাতকো ম্লাদিচের পলায়ন এবং তাঁর আত্মগোপনে যাঁরা সহায়তা করেছেন, তাঁদেরও বিচারের মুখোমুখি দাঁড় করার ঘোষণা দিয়েছেন সার্বিয়ান প্রেসিডেন্ট বরিস তাদিচ।এদিকে তাদিচ আবারও বলেছেন, ম্লাদিচের কৌঁসুলিরা আন্তর্জাতিক আদালতে তাঁদের মক্কেলের বিচারের ঘোর বিরোধিতা করা সত্ত্বেও যুদ্ধাপরাধের বিচারের জন্য তাঁকে হেগেই পাঠানো হবে। আগামী ৮-১০ দিনের মধ্যে তাঁকে হেগে পাঠানো হতে পারে।সার্ব যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি ভ্লাদিমির ভুকসেভিচ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ম্লাদিচসহ অন্য পলাতক আসামিদের যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের খুঁজে বের করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’বসনিয়ায় ১৯৯২-৯৫ সালে গৃহযুদ্ধ চলাকালে স্রেব্রেনিৎসা শহরে ঠান্ডা মাথায় আট হাজার মুসলিমকে হত্যা করা হয়। এ সময় বসনীয়-সার্ব সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন রাতকো ম্লাদিচ। ওই গণহত্যার মূল হোতা তিনিই ছিলেন বলে অভিযোগ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে স্রেব্রেনিৎসার এ গণহত্যাই ছিল সবচেয়ে জঘন্য হত্যাকাণ্ড।স্রেব্রেনিৎসায় গণহত্যা এবং ৪৩ মাস সারায়েভো শহর অবরুদ্ধ করে রাখার অপরাধে ১৯৯৫ সালে ম্লাদিচকে অভিযুক্ত করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত। কিন্তু প্রায় ১৬ বছর ধরে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গত বৃহস্পতিবার সার্বিয়ার একটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।ম্লাদিচকে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত সহযোগিতা ও আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ডিসেম্বরে বেলগ্রেডের একটি আদালত তাঁদের খালাস দেন। বেলগ্রেডের একজন কৌঁসুলি গত শুক্রবার আদালতের এই রায়ের বিরুদ্ধে আবেদন করেছেন। এএফপি।