যখন উত্তপ্ত সংসদ, তখন ঘুমে রাহুল
নিত্যপণ্যের দাম বাড়া নিয়ে ভারতের পার্লামেন্টে যখন যুক্তিতর্কের তুবড়ি ছুটছে; তখন চেয়ারে গা এলিয়ে আয়েশি ভঙ্গিমায় ‘ভাতঘুম’ দিচ্ছেন এক সাংসদ। তিনি ‘রাম-শ্যাম-যদু-মধু’ গোছের কোনো সাংসদ নন। তিনি খোদ কংগ্রেস পার্টির সহসভাপতি রাহুল গান্ধী।
আজ বুধবার সংসদে অধিবেশন চলাকালে ঘুমন্ত অবস্থায় টেলিভিশন ভিডিওতে ধরা পড়েন রাহুল গান্ধী। আর সে খবর এখন রাষ্ট্র করছে সংবাদমাধ্যমগুলো।
ষোড়শ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে ধরাশায়ী হওয়ার পর এমনিতেই ঝিমিয়ে পড়েছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। অধিবেশনে রাহুল গান্ধীর ঘুম সেটিতে যোগ করল নতুন মাত্রা।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় রাহুলকে চোখ বুজে মাথা নুইয়ে থাকতে দেখা গেছে। এ সময় বিজেপির নেতা শাহনেওয়াজ হোসেন রাহুলের একটি ছবি তোলেন। ছবিটি টুইটার বার্তায় যুক্ত করে তিনি টুইট করেন, ‘মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধীকে সংসদে ঘুমাতে দেখা গেছে। গত ১০ বছর শাসনামলে কংগ্রেস এটিই করেছে।’
তবে বিজেপির নেতার অভিযোগকে পাত্তা দেয়নি কংগ্রেস ও এর মিত্র দলগুলো। কংগ্রেস মিত্র ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা প্রফুল প্যাটেল বলেন, ‘লোকজন সংসদে চোখ বুজলেই বলা যাবে না তাঁরা ঘুমাচ্ছে।’