যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাবে না কংগ্রেস বিজেপির কেউই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস বা বিজেপির নেতৃত্বাধীন কোনো জোটই এবার সরকার গড়ার মতো আসন পাবে না, বরং আসন ভারী হবে আঞ্চলিক দলের। টাইমস নাউ এবং সি-ভোটারের এক জনমত জরিপে ফুটে উঠেছে এই তথ্য। গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে এই জরিপের ফল। জরিপের ফলে দেখা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে শাসক ইউপিএ বা সংযুক্ত প্রগতিশীল মোর্চা পেতে পারে ১৩৬টি আসন। এর মধ্যে কংগ্রেসের একার ঝুলিতে যাবে ১১৯টি। সর্বশেষ ২০০৯ সালের নির্বাচনে ইউপিএ পেয়েছিল ২২৮টি আসন। তার মধ্যে কংগ্রেস একা পেয়েছিল ২০৬টি আসন। পক্ষান্তরে এবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চা পেতে পারে ১৫৬টি আসন। এর মধ্যে বিজেপি একা পেতে পারে ১৩১টি আসন। গত নির্বাচনে এনডিএ পেয়েছিল ১৩২টি আসন। আর এর মধ্যে বিজেপির একার ছিল ১১৬টি। জরিপের ফলে বলা হয়েছে, তৃতীয় শক্তি হিসেবে সমাজবাদী পার্টি (৩৩), বামদল (৩৩), বিজেডি (১২), সংযুক্ত জনতা দল (১১), তেলেগু দেশম (৯), রাষ্ট্রীয় জনতা দল (১২), ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (২), ডিএমকে (৫), আসাম গণপরিষদ (২) এবং ধর্মনিরপেক্ষ জনতা দল (৩) মিলে ১২৯টি আসন পেতে পারে। আবার ‘চতুর্থ শক্তি’ হিসেবে তৃণমূল কংগ্রেস (২২), এআইএডিএমকে (২৯), বহুজন সমাজ পার্টি (২৮), ইএসআর কংগ্রেস (১৪), তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (১১), ডিএমডিকে (২) এবং এমএনএস (৩) মিলে জিততে পারে ১২২টি আসন।