যন্ত্র-নির্ভরশীলতায় কমছে স্মৃতিশক্তি

হাতের কাছেই কম্পিউটার ও স্মার্টফোন। তাতে রাখা যায় বিস্তর তথ্য। আর ইন্টারনেট সংযোগ থাকলে তো গুগলের মতো সার্চ ইঞ্জিন ব্যবহার করে যেকোনো তথ্য খুঁজে নেওয়া যায়। তাই বেশি কিছু মনে না রাখলেও চলে। কিন্তু যন্ত্রের ওপর অতিমাত্রায় নির্ভরতার কারণে মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে। যুক্তরাজ্যের একদল গবেষক এ কথা জানিয়েছেন।
রাশিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের ওই গবেষণায় দেখা যায়, অনেক মানুষ বিভিন্ন তথ্য মনে রাখার পরিবর্তে কম্পিউটার ব্যবহার করে সেগুলো খুঁজে নিতে অভ্যস্ত। পূর্ণবয়স্ক অনেকে নিজেদের শৈশবের টেলিফোন নম্বরগুলো এখনো মনে রেখেছেন। অথচ তাঁরাই এখনকার কর্মক্ষেত্র বা পরিবারের সদস্যদের মুঠোফোনের নম্বর মনে করতে পারেন না।
ওই গবেষণায় ছয় হাজার মানুষের তথ্য মনে রাখার অভ্যাস যাচাই করা হয়। এতে দেখা যায়, তাঁদের এক-তৃতীয়াংশের বেশি কোনো তথ্য মনে করার জন্য প্রথমে কম্পিউটারজাতীয় যন্ত্রের সাহায্য নেন। যুক্তরাজ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। সেখানে অর্ধেকের বেশি মানুষ যেকোনো তথ্যের জন্য প্রথমে অনলাইনে ঢুঁ মারেন।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক মারিয়া উইম্বার বলেন, মনে রাখার পরিবর্তে তথ্য খুঁজে বের করার প্রবণতায় মানুষের দীর্ঘমেয়াদি স্মৃতি গঠনের প্রক্রিয়া ব্যাহত হয়। প্রতিবার কোনো তথ্য মনে করার মাধ্যমে মস্তিষ্কের শক্তি বাড়ে। একই সঙ্গে অপ্রয়োজনীয় স্মৃতি মুছে যায়। তাই কিছু মনে করার প্রক্রিয়াটি স্থায়ী স্মৃতি গঠনের কার্যকরী উপায়। কিন্তু পরোক্ষভাবে একই তথ্য বারবার ইন্টারনেট থেকে খুঁজে বের করলে কোনো শক্তিশালী ও দীর্ঘমেয়াদি স্মৃতি তৈরি হয় না।
গবেষণায় বলা হয়, কম্পিউটারের ওপর নির্ভর-শীলতায় স্মৃতি গঠনের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে। যুক্তরাজ্যে জরিপে অংশগ্রহণকারী প্রাপ্তবয়স্ক মানুষের ৪৫ শতাংশ বাড়ির ফোন নম্বর মনে করতে পারেন। আর ২৯ শতাংশ সন্তানের ফোন নম্বর বলতে পেরেছেন। বিবিসি।