যা-ই করি তাতে সবার সম্পৃক্ততা থাকতে হবে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ওবামা
মার্কিন প্রেসিডেন্ট ওবামা

শনিবার রাতে সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অনেককেই বিস্মিত করে তিনি সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন গ্রহণের মাধ্যমে জাতীয় মতৈক্য প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন। সংক্ষেপে তাঁর সেই বক্তব্য তুলে ধরা হলো ১০ দিন আগে আতঙ্কের সঙ্গে সিরিয়ায় একুশ শতকের নিষ্ঠুরতম রাসায়নিক অস্ত্রের গণহত্যা দেখেছে বিশ্ববাসী। গত শুক্রবার যুক্তরাষ্ট্র জোরালো তথ্য-প্রমাণ উপস্থাপন করে দেখিয়েছে, সিরিয়া সরকারই নিজ জনগণের ওপর এই হামলা চালিয়েছে। আমাদের সংগৃহীত গোয়েন্দা তথ্যে দেখা গেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিয়েছে, দামেস্কের অদূরের ওই ঘনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা চালিয়েছে এবং একটি রাসায়নিক হামলা যে ঘটেছে তা স্বীকার করেছে। সব মিলিয়ে ওই হামলায় নারী-শিশুসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এই হামলা মানবতার ওপর হামলা। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এই হামলা বিশ্বজুড়ে রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞাকে তামাশার পর্যায়ে নিয়ে যাওয়ার ঝুঁকিতে ফেলেছে। ইসরায়েলসহ সিরিয়ার প্রতিবেশী আমাদের বন্ধু ও অংশীদার জর্ডান, তুরস্ক, ইরাক ও লেবাননের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সিরিয়ায় রাসায়নিক হামলা রাসায়নিক অস্ত্রের ব্যবহার বাড়িয়ে দিতে পারে এবং তা বিশ্বের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে পড়তে পারে। বিশ্ব নানা হুমকির মধ্যে রয়েছে। এসব হুমকি অবশ্যই মোকাবিলা করতে হবে। সার্বিক পরিস্থিতি সতর্কভাবে বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, যুক্তরাষ্ট্রের উচিত সিরিয়ার সামরিক অভিযান চালানো। তবে এটা সীমাহীন অভিযান হবে না। আমরা স্থলবাহিনী পাঠাব না। সময় ও পরিধি বিবেচনায় আমাদের অভিযান হবে সীমিত আকারে। তবে আমি আত্মবিশ্বাসী, আমরা রাসায়নিক হামলার জন্য বাশার সরকারকে দায়ী বলে চিহ্নিত করতে পারব। ওই অঞ্চলে আমাদের সামরিক অবস্থান রয়েছে। মার্কিন বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ আমাকে জানিয়েছেন, যেকোনো সময় যেকোনো স্থানে হামলা চালানোর প্রস্তুতি আমাদের আছে। জয়েন্ট চিফ অব স্টাফ এটাও জানিয়েছেন, আমাদের হামলার সক্ষমতার সঙ্গে সময়ের কোনো সীমাবদ্ধতা নেই। আগামীকাল বা আগামী সপ্তাহ বা আগামী মাসে আমরা হামলা চালাতে পারি। এ নির্দেশ দিতে আমি প্রস্তুত। জাতীয় নিরাপত্তাগত স্বার্থের বিবেচনার ভিত্তিতে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে এ সিদ্ধান্ত নিলেও ভুলে যাচ্ছি না যে আমি বিশ্বের সবচেয়ে পুরোনো সাংবিধানিক গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্ট। তাই দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছি, আমি সিরিয়ায় শক্তি প্রয়োগের বিষয়ে অনুমোদন নিতে কংগ্রেসে যাব। কয়েক দিন ধরেই শুনছি, আইনপ্রণেতারা চান এই বিষয়টি নিয়ে আমি তাঁদের কথা শুনি। আইনপ্রণেতাদের এই চাওয়ার সঙ্গে আমি পুরোপুরি একমত। তাই সকালে আমি কংগ্রেসের উভয় কক্ষের চার নেতার সঙ্গেই কথা বলেছি। তাঁরা আমার সঙ্গে একমত হয়েছেন, কংগ্রেস অধিবেশন শুরু হলে যত দ্রুত সম্ভব সিরিয়া নিয়ে প্রথমে আলোচনা ও পরে ভোটাভুটি হবে। আমরা যে উদ্যোগই নিই না কেন তাতে আমাদের সবার সম্পৃক্ততা থাকতে হবে। আর এটা শুধু ভোটাভুটির মাধ্যমেই সম্ভব। যদিও আমি মনে করি, কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই অভিযান চালানোর কর্তৃত্ব আমার আছে।

আমি আত্মবিশ্বাসী যে আমাদের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলের জন্য অপেক্ষা করবে না। আর নিরাপত্তা পরিষদের অনুমোদনের বিষয়টি এড়াতেই বেশি স্বস্তিবোধ করি আমি। কারণ এটি ইতিমধ্যে অচল হয়ে গেছে এবং তারা প্রেসিডেন্ট বাশারকে দায়ী করতে চায় না। বিশ্বের প্রতিটি দেশ আমাদের সিদ্ধান্তের সঙ্গে একমত হবে—আমি এমনটাও আশা করি না।
কিন্তু দামেস্কে যা ঘটেছে তা দেখে যুক্তরাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না। আমরা বিশ্বে একটি আন্তর্জাতিক কার্যকর ব্যবস্থা গড়ে তুলেছি এবং সেই অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিলেই কেবল সেটা বোঝা যায়।
আমি যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। আমি আজ কংগ্রেসের প্রতি আহ্বান জানাই, আপনারা বিশ্বের প্রতি একটা বার্তা পাঠিয়ে দিন যে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে পরবর্তী পদক্ষেপ নিতে চাই। বিবিসি।