যাত্রা দলে ডাক পেলেন না তাপস
যাত্রাশিল্পী হিসেবে সুনাম আছে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা তাপস পালের। প্রতিবছরই তাঁকে যাত্রাপালায় দেখা যায়। তবে এবার কোনো যাত্রা দল তাঁকে ডাকেনি।
তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর বেশ কিছু বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তাপস পাল। তাঁর বিরুদ্ধে শুধু কলকাতা নয়, ভারতজুড়েই চলছে আন্দোলন। আর এর জের ধরেই এখনো কোনো যাত্রা দল তাঁকে ডাকেনি বলে জানা গেছে।
সাধারণত রথযাত্রার আগেই কলকাতার বিভিন্ন যাত্রা দল যাত্রাপালা ও কলাকুশলীদের তালিকা চূড়ান্ত করে। এরই মধ্যে রথযাত্রা শেষ হয়ে গেছে। বিভিন্ন যাত্রা দল নতুন পালাও ঠিক করে ফেলেছে। শুধু থাকছেন না তাপস পাল।
একটি যাত্রা দলের কর্মকর্তা কনক ভট্টাচার্য্য সাংবাদিকদের বলেছেন, তাপস পালের বেফাঁস মন্তব্য এবং দেশব্যাপী তাঁর বিরুদ্ধে চলমান আন্দোলনের কথা মাথায় রেখেই এবার কোনো যাত্রা দল তাপস পালকে যাত্রা দলে ঠাঁই দেয়নি।