যাত্রীবাহী বিমানের দুঃসময়?

যাত্রীবাহী বিমানের দুঃসময় যেন শেষ হতে চাইছে না। একের পর এক দুর্ঘটনায় উদ্বিগ্ন ও আতঙ্কিত হয়ে পড়ছেন উড়োজাহাজে চলাচলকারী যাত্রীসহ সবাই।
এই দুঃসময়ের শুরু ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজের মধ্য দিয়ে। মালয়েশিয়া থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহী নিয়ে উড়োজাহাজটি হারিয়ে যায়। অনেক চেষ্টা আর তল্লাশির পরও নিখোঁজ বিমানটির সন্ধান মেলেনি। জানা যায়নি ওই যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে।
১৭ জুলাই একই এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। বিমানটি রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনে ভূপাতিত হলে ২৯৮ আরোহীর সবাই নিহত হন। এঁদের প্রায় ২০০ জন ডাচ নাগরিক ছিলেন।
সপ্তাহ ঘুরতে না ঘুরতেই গতকাল ২৩ জুলাই তাইওয়ানে জরুরি অবতরণে ব্যর্থ হয়ে দেশটির অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ট্রান্সএশিয়া এয়ারওয়েজের ফ্লাইট জিই২২২ বিধ্বস্ত হয়। এতে ৪৭ জনের মৃত্যু হয়।
এর রেশ কাটতে না কাটতেই আজ আলজেরিয়ার এএইচ৫০১৭ ফ্লাইটটি সাব সাহারা এলাকায় বিধ্বস্ত হয়েছে। এতে ১১৬ জন আরোহী ছিলেন। এঁদের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাডউগু বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি বিধ্বস্ত হয়। বিবিসি ও রয়টার্স