যানজট এড়াতে টুইট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজটে অতিষ্ঠ এক নগর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। নগরবাসীর প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা কেটে যায় রাস্তায়। এ অবস্থাকে সহনীয় করতে রাজধানীবাসী সহায়তা নিচ্ছে প্রযুক্তির।
যানজট এড়াতে জাকার্তার বাসিন্দারা সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যাপকভাবে ব্যবহার করছে। এ জন্য তারা মূলত বেছে নিয়েছে খুদে বার্তা আদান-প্রদানের সাইট টুইটার।
জাকার্তাবাসী যখনই রাস্তায় বের হচ্ছে, তখনই যানজটের পরিস্থিতি নিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারনেটে টুইট পোস্ট করছে। এতে করে অন্য টুইটার ব্যবহারকারীরা ওই রাস্তার সর্বশেষ যানজট পরিস্থিতি সম্পর্কে সহজেই জানতে পারছে। যখন কেউ জানতে পারছে, সে যে রাস্তায় যেতে চাইছিল, সেই রাস্তায় প্রকট যানজট, তখন সে অন্য রাস্তা খুঁজছে। তাছাড়া কোনো হাঙ্গামার কারণে রাস্তা বন্ধ হয়ে গেলে ইন্টারনেট ব্যবহারকারী পথচারী ভার্চুয়াল মানচিত্রে রাস্তার ওই স্থানে বিশেষ পতাকা উড়িয়ে দিচ্ছে।
জাকার্তায় যানজট নিরসনের এই উদ্যোগটা শুরু হয়েছিল বছর চারেক আগে। উদ্যোক্তাদের একজন যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ হেন্দ্রি সোয়িলিস্তো। তিনি একটি ওয়েবসাইট চালু করেছিলেন, যার নাম ‘লিওয়াতমানা ডটকম’। লিওয়াতমানা শব্দটির অর্থ ‘কোথা থেকে কোথায়’। তিনি তাঁর ওয়েবসাইটটির সঙ্গে টুইটারের সংযোগ স্থাপন করেন। ওই ওয়েবসাইটের মাধ্যমে জাকার্তার পথচারীরা রাস্তার সর্বশেষ অবস্থা সম্পর্কে টুইট করার সুযোগ পায়।
সোয়িলিস্তো বার্তা সংস্থা এফপিকে বলেন, ‘ইন্দোনেশিয়ার মানুষ তাদের ফেসবুক বা টুইটারে নিয়মিত সর্বশেষ অবস্থা জানায়। কাজেই আমরা চিন্তা করলাম, রাস্তায় যানজটের অবস্থাটি সেভাবে নিজেদের মধ্যে জানাজানি হলে কেমন হয়?’
‘লিওয়াতমানা ডটকমে’ প্রথম দিকে প্রতি মাসে ১৪ হাজারের মতো টুইট আসত। এখন তাদের টুইটার অনুসরণকারীর সংখ্যা দুই লাখের মতো। এএফপি।