যানজট এড়াতে হেলিকপ্টার
সড়কপথে যানজট এড়াতে হেলিকপ্টার ব্যবহার অনেক ব্যয়বহুল। তবে এই কাজটিই হরহামেশা করে যাচ্ছেন সাও পাওলোর ধনাঢ্য ব্যক্তিরা।কোজেত গোমেজের আটটি প্রতিষ্ঠান রয়েছে। স্বাভাবিকভাবেই সাবেক মডেল কাম এই ব্যবসায়ী মহাব্যস্ত। সাও পাওলোর রাস্তার যানজট এড়াতে আকাশপথ বেছে নিয়েছেন তিনি। হেলিকপ্টারে করে ব্যবসা দেখাশোনা করছেন এই সুন্দরী নারী। ছয় আসনের একটি ব্যক্তিগত হেলিকপ্টার রয়েছে তাঁর।ব্রাজিলের বাণিজ্যিক রাজধানী সাও পাওলোতে দুই কোটি মানুষের বসবাস। নিত্যদিনের যানজটে ক্লান্ত তারা। ফলে বাধ্য হয়ে কোটিপতিরা আকাশপথ বেছে নিয়েছেন।গোমেজ বলছিলেন, ‘আমার জন্য হেলিকপ্টার হচ্ছে খুবই দরকারি বাহন। দিনের পুরো কাজকারবার ও বৈঠকে আমি সহজেই অংশ নিতে পারি। আমার জীবনই অনেক সহজ করে দিয়েছে হেলিকপ্টার।’ব্রাজিলের অ্যাসোসিয়েশন অব হেলিকপ্টার পাইলটসের তথ্যমতে, সাও পাওলোতে ৪২০টি নিবন্ধিত হেলিকপ্টার রয়েছে। এগুলো হয় ব্যক্তিমালিকানাধীন অথবা কোনো প্রতিষ্ঠানের। নিউইয়র্কের পর একমাত্র এই শহরেই সবচেয়ে বেশি হেলিকপ্টার চলাচল করছে।‘ব্রাজিলের সুইজারল্যন্ড’ খ্যাত সাও পাওলোতে গোমেজের (৪১) মতো এমন অনেক ধনকুবের রয়েছেন, যাঁরা কিনে হোক বা ভাড়ায়—হেলিকপ্টারে চড়ার সামর্থ্য রাখেন। ঘণ্টায় এক হাজার ৩০০ ডলারে ভাড়া পাওয়া যায় এই বাহন। দিনে অন্তত ৫০০ বার সাও পাওলোর আকাশে হেলিকপ্টার চক্কর দেয়। এ জন্য ১৯৩টি হেলিপোর্ট রয়েছে শহরটিতে।অ্যাসোসিয়েশন অব হেলিকপ্টার পাইলটসের মুখপাত্র ক্যারোলিনা দেনারদি জানান, বিগত কয়েক বছরে ব্রাজিলে হেলিকপ্টার ব্যবসা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পুরো ব্রাজিলে বর্তমানে এক হাজার ৯০০ হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে শুধু সাও পাওলোতেই রয়েছে প্রায় ৭০০। গত তিন বছরে গড়ে তিন শতাধিক হেলিকপ্টার চলাচলের জন্য লাইসেন্স ইস্যু করা হয়েছে।সিঙ্গাপুরভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, সাও পাওলোতে এক হাজার ৮৮০ ব্যক্তি রয়েছেন, যাঁরা কি না তিন কোটি ডলার বা ততধিক সম্পদের মালিক। ২০২২ সাল নাগাদ এই সংখ্যা চার হাজার ৫৫৬ জনে উন্নীত হতে পারে। দেশটিতে বর্তমানে ১০০ কোটি ডলারের মালিক রয়েছেন ৫০ জন। এএফপি।