যান্ত্রিক ত্রুটি, পাঁচ দেশে বোয়িং ৭৮৭ চলাচল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিমাননির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির তৈরি যাত্রীবাহী বিমান বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি দেশ। যান্ত্রিক ত্রুটি—বিশেষ করে ব্যাটারির সমস্যার কারণে বিধ্বস্ত হওয়ার আশঙ্কায় দেশগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের চলাচল স্থগিত করা দেশগুলো হলো: জাপান, যুক্তরাষ্ট্র, কাতার, চিলি ও ভারত। ২০০৯ সালে বোয়িং কোম্পানি এই মডেলের বিমান বাজারে আনে। কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন দেশে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানগুলোর নানা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছিল। এসব সমস্যার মধ্যে রয়েছে জ্বালানি চুইয়ে পড়া, ব্রেকের সমস্যা, ককপিটের জানালা ভেঙে যাওয়া প্রভৃতি।এই মডেলের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের মোট বিমানের প্রায় অর্ধেকের ক্রেতা জাপানের দুটি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) ও জাপান এয়ারলাইনস কোম্পানি। যান্ত্রিক ত্রুটির কারণে গত বুধবার জাপানে এই মডেলের একটি বিমান জরুরি অবতরণ করে। এরপর জাপানের ওই দুটি সংস্থাই প্রথম এই মডেলের বিমান চলাচল স্থগিত করে। পরে যুক্তরাষ্ট্র, কাতার, চিলি ও ভারতও বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয়। বিবিসি ও ডেইলি মেইল।