যান্ত্রিক হাতে স্পর্শের অনুভূতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যান্ত্রিক (বায়োনিক) হাতের সাহায্যে কোনো বস্তুর গঠন ও আকার অনুভব করেছেন তিনি। ডেনমার্কের ৩৬ বছর বয়সী ওই ব্যক্তির নাম অ্যাবো সোরেনসন। তিনি ১০ বছর আগে এক দুর্ঘটনায় হাত হারান।
যান্ত্রিক হাতে স্পর্শানুভূতি অর্জনের চেষ্টায় ইতালি, জার্মানি ও সুইজারল্যান্ডের একদল গবেষক রোমে মাসব্যাপী পরীক্ষা-নিরীক্ষা চালান। গত বুধবার তাঁরা এ ক্ষেত্রে সাফল্যের ঘোষণা দেন। অস্ত্রোপচারের মাধ্যমে সোরেনসনের শরীরে কৃত্রিম হাতটি সংযোজন করা হয়। এটি ব্যবহারে তাঁর অভিব্যক্তি ছিল, ‘অবিশ্বাস্য! এ যেন জাদু! সত্যিকারের হাতের পরশের মতোই উপলব্ধি!’
সোরেনসন এখন কৃত্রিম হাতে কোনো বস্তু ধরে চোখ বন্ধ করেই বলে দিতে পারছেন আকার। সংশ্লিষ্ট গবেষক সিলভেস্ত্রো মিসেরা বলেন, কৃত্রিম হাতে সংযুক্ত যন্ত্র ও সফটওয়্যারের মাধ্যমে নির্দিষ্ট অনুভূতি ব্যক্তির মস্তিষ্কে পৌঁছায়। অস্ত্রোপচারের সময় সোরেনসনের বাহুতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। কৃত্রিম হাতের আঙুল এর সঙ্গে যুক্ত। এভাবেই স্পর্শের মাধ্যমে বস্তুর অনুভূতি মস্তিষ্কে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। এএফপি ও বিবিসি।