যাযাবর শৈশব থেকে হ্যাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি চেয়ে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের সামনে তাঁর এক ভক্ত। গতকালের ছবি l এএফপি
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি চেয়ে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের সামনে তাঁর এক ভক্ত। গতকালের ছবি l এএফপি

জুলিয়ান অ্যাসাঞ্জকে ‘বন্দিদশা’ থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানাল জাতিসংঘ। তাদের গতকাল শুক্রবারের ওই আহ্বান বিশ্বের প্রতাপশালী সরকারগুলোর বিরুদ্ধে হাইটেক অধিকারকর্মীদের দীর্ঘ লড়াইয়ের সর্বশেষ উপাখ্যান।

আর এই উপাখ্যানের কেন্দ্রীয় চরিত্র সাবেক অস্ট্রেলীয় হ্যাকার, যিনি গত সাড়ে তিন বছর লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে লুকিয়ে আছেন। কারণ, দূতাবাসের চারপাশে শকুনির চোখ নিয়ে ঘুরছে ব্রিটিশ পুলিশ; বের হলেই গ্রেপ্তার।

লন্ডনের নাইটব্রিজ এলাকার যে ভবনে অ্যাসাঞ্জের সময় কাটছে, সেখানে ইট-পাথরের ভবন ছাড়া কোনো বাগান বা গাছগাছালি নেই। এই জীবনকে তিনি তুলনা করেছেন মহাকাশ স্টেশনের জীবনের সঙ্গে।

অ্যাসাঞ্জ গোপনীয়তা-বিরোধী যে চরম এজেন্ডার প্রবক্তা, তা এককথায় বিশ্ব-মতামতকে দ্বিধাবিভক্ত করেছে। সমর্থকদের কাছে তিনি ‘হিরো’। কারণ, অনেক অপকর্মের মুখোশ খুলে দিয়েছেন তিনি। আর সমালোচকদের দৃষ্টিতে তিনি ‘ভিলেন’। কারণ, সরকারি গোপন নথি প্রকাশের মাধ্যমে অনেকের জীবন বিপন্ন করেছেন।

অ্যাসাঞ্জ গণমাধ্যমে প্রথমবারের মতো শিরোনাম হন ২০১০ সালে, ইরাকে বেসামরিক লোকদের ওপর মার্কিন হেলিকপ্টারের গুলি চালানোর ফুটেজ প্রকাশ করে। পরের বছর আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের ৭৭ হাজার গোপন নথি ও চার লাখ কথিত ‘ইরাক ওয়ার লগ’ ফাঁস করে বিশ্বের মনোযোগ কাড়ে তারা। তবে পরের মাসে ওয়েবসাইটটি বিশ্বব্যাপী ২৭৪টি মার্কিন দূতাবাসের কূটনৈতিক তারবার্তা প্রকাশ শুরুর মাধ্যমেই সবচেয়ে বড় ধাক্কাটা দেয়।

যাযাবর শৈশব: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ১৯৭১ সালের ৩ জুলাই জন্ম নেওয়া অ্যাসাঞ্জ নিজের শৈশব জীবনকে যাযাবর হিসেবে বর্ণনা করেছেন। বলেছেন, তিনি ৩৭টি স্কুলে পড়াশোনা করেছেন। আর নব্বইয়ের দশকে মেলবোর্নে বসবাসের সময় সেই কিশোর বয়সেই নিজের মধ্যে কম্পিউটার হ্যাকিংয়ের প্রতিভা খুঁজে পান তিনি। এরপর ৩০ দফায় কম্পিউটার-সংক্রান্ত অপরাধে অভিযুক্ত হন। পরে জরিমানা দিয়ে পার পান বলে নিজেই স্বীকার করেছেন তিনি। সূত্র: এএফপি