তেহরান ও লন্ডনে পরস্পরের দূতাবাস পুনরায় চালু করেছে যুক্তরাজ্য ও ইরান। জনতার হামলায় আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ২০১১ সালে তেহরানে ব্রিটিশ দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পাশ্চাত্যের সঙ্গে তেহরানের সম্পর্ক সম্প্রতি উষ্ণ হওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ এল। খবর বিবিসি ও আল-জাজিরার।
দূতাবাস পুনরায় চালু করার লক্ষ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড গতকাল রোববার ইরানে যান। ২০০৩ সালের পর এটাই ছিল কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম তেহরান সফর। হ্যামন্ড এক বিবৃতিতে বলেন, ‘ব্রিটিশ দূতাবাসে হামলার ঘটনার চার বছরের মাথায় আমি আজকে সেটি পুনরায় চালু করছি। ইরানিরাও একইভাবে লন্ডনে তাদের দূতাবাস খুলে দেবে। ২০১১ সালের পর আমাদের মধ্যে সম্পর্ক উষ্ণ হয়েছে।’
গতকাল একই সময়ে লন্ডনে তেহরানের দূতাবাস খুলে দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ের কূটনীতিক নিযুক্ত করা হবে। এরপর আসন্ন মাসগুলোয় দেশ দুটি রাষ্ট্রদূত নিযুক্ত করবে।
পররাষ্ট্রমন্ত্রী হ্যামন্ড গতকাল স্থানীয় সময় দুপুরে (গ্রিনিচ মান সময় সকাল সাড়ে সাতটা) তেহরানে ব্রিটিশ দূতাবাসে ঢোকেন। এর কিছুক্ষণ পরই দূতাবাসের বাগানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অজয় শর্মা, যাঁকে ওই দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে নিযুক্ত করা হয়েছে।
পরে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হ্যামন্ড। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে তেহরানের সদ্য শেষ হওয়া সফল আলোচনায় যুক্ত ছিলেন এই দুই নেতাও।
দীর্ঘ দর-কষাকষির পর গত ১৪ জুলাই একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে উপনীত হয় ইরান ও ছয় বিশ্বশক্তি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি)। এর মধ্য দিয়ে তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে এক দশকের বেশি সময়ের কূটনৈতিক উত্তেজনার ইতি ঘটে।
ওই চুক্তির আওতায় তেহরান তার পারমাণবিক কর্মসূচির বহর কমিয়ে আনবে। বিনিময়ে ইরানের ওপর থেকে বিভিন্ন অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেবে পাশ্চাত্য। এই অবরোধের কারণেই ২০১১ সালে তেহরানে ব্রিটিশ দূতাবাস আক্রান্ত হয়েছিল। তখন ইরানের ব্যাংকিং খাতের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে অবরোধ আরোপ করার ঘোষণা এলে ইরানের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তেহরানে অবস্থিত ব্রিটিশ কূটনৈতিক ভবনগুলোয় কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। জবাবে যুক্তরাজ্য ইরানের কর্মকর্তাদের বহিষ্কার করে।