যুক্তরাজ্য এইচআইভি আক্রান্ত বিদেশিদেরও বিনা মূল্যে চিকিৎসা দেবে
যুক্তরাজ্য সরকারের জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) পরিকল্পনার অধীনে এইচআইভিতে আক্রান্ত বিদেশি নাগরিকদেরও এখন থেকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। এইচআইভির প্রতিরোধ ও সচেতনতার প্রচারণায় নিয়োজিত কর্মীরা বলেছেন, যুক্তরাজ্যের এ পদক্ষেপের ফলে ব্রিটিশদের এ ভাইরাস সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। একই সঙ্গে কমবে চিকিৎসাব্যয়।বর্তমানে যুক্তরাজ্যে কেবল ব্রিটিশ নাগরিকেরা বিনা মূল্যে এ চিকিৎসা পেয়ে থাকেন। অভিবাসীরা এ সুযোগ থেকে বঞ্চিত।যুক্তরাজ্যে আনুমানিক ২৫ হাজার এইচআইভি বহনকারী লোক রয়েছে, যাদের কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। এর মধ্যে অনেকের জন্ম হয়েছে বিদেশে। বিদেশ থেকে আসা লোকজনকে অর্থ ছাড়া এ রোগের চিকিৎসা দেওয়া হয় না। অন্য কোনো সংক্রামক রোগের ক্ষেত্রে অবশ্য এ নিয়ম প্রযোজ্য নয়। এ দলটির মধ্যে আশ্রয়প্রার্থী, শিক্ষার্থী ও পর্যটক রয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী অ্যান মিল্টন বলেন, সরকারের এ পদক্ষেপ সাধারণ মানুষকে রক্ষা করবে। একই সঙ্গে অন্য সব সংক্রামক রোগের মতো চিকিৎসা হবে এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিদের। বিবিসি।