যুক্তরাজ্য ও ডেনমার্কে গরুর দুধে ‘সুপারবাগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ও ডেনমার্কে গরুর দুধে নতুন মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস (এমআরএসএ) বলে পরিচিত সুপারবাগের সন্ধান পাওয়া গেছে। মানবদেহেও এই সুপারবাগের সন্ধান মিলেছে। গতকাল শুক্রবার গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সাধারণভাবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক ব্যাকটেরিয়াকে সুপারবাগ বলা হয়।প্রধান গবেষক ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পশুরোগ প্রতিরোধবিষয়ক জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হোমস বলেন, এই সুপারবাগ জনস্বাস্থ্যের জন্য সমস্যার সৃষ্টি করতে পারে।এমআরএসএ সুপারবাগ সাধারণভাবে ক্ষতিকর নয়। তবে ক্ষতস্থানে সংক্রমিত হলে এটি আক্রান্ত ব্যক্তিকে গুরুতর পর্যায়ে নিয়ে যেতে পারে।পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মীরা বলছেন, খামারে গরুর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক-নির্ভরতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে নতুন এই সমস্যার সৃষ্টি হয়েছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস -এ প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, এই সুপারবাগ সাধারণভাবে পাস্তুরিত দুধ বা দুগ্ধজাত পণ্যের জন্য হুমকি নয়। কিন্তু গরুর খামারে কাজ করেন এমন ব্যক্তিরা এই সুপারবাগের কারণে ঝুঁকির মুখে পড়তে পারেন।মার্ক হোমস গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এমআরএসএ সুপারবাগ মানবদেহ থেকে গরুতে বা গরু থেকে মানবদেহে সংক্রমিত হয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, গরুর দুধ বা মাংস খাওয়া ঝুঁকিপূর্ণ নয়। দুধ পাস্তুরিত করা হলে ঝুঁকি আরও কমে যায়। তিনি আরও বলেন, পনির তৈরির জন্য দুধ প্রক্রিয়াজাত করার সময় সাধারণত বেশির ভাগ ব্যাকটেরিয়া ধ্বংস হয়। সহ-গবেষক ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লরা গার্সিয়া আলভারেজ বলেন, গরু ও মানবদেহে এই সুপারবাগের সন্ধান পাওয়া অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো বিষয়। গবেষণায় ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খামার থেকে সংগ্রহ করা ৯৪০টি নমুনার মধ্যে ১৩টিতে এমআরএসএর সন্ধান মিলেছে। স্কটল্যান্ড ও ডেনমার্কে গরু এবং মানবদেহে এমআরএসএ সুপারবাগ পাওয়া গেছে। এএফপি ও বিবিসি।