যুক্তরাজ্য ও ফ্রান্সে তেল বিক্রি বন্ধ করেছে ইরান
ইরান যুক্তরাজ্য ও ফ্রান্সের কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। গতকাল রোববার দেশটির তেল মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।ইরানের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র আলী রেজা নিকজাদ রাহবারের উদ্ধৃতি দিয়ে ওয়েবসাইটে উল্লেখ করা হয়, ‘নতুন ক্রেতাদের কাছে ইরান নিজ দেশের তেল বিক্রি করবে।’ইরানের তেলমন্ত্রী রোস্তাম কাশেমি বলেন, ইউরোপে তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হলে তা তেহরানকে সমস্যায় ফেলবে না।গত মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে চাপে রাখার কৌশল হিসেবে আগামী ১ জুলাই থেকে দেশটি থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এর আগে গত বুধবার ইরানের গণমাধ্যম আভাস দিয়েছিল, ইইউ ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিশোধ হিসেবে তারা নেদারল্যান্ড, গ্রিস, ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও ইতালিতে তেল রপ্তানি বন্ধ করে দিতে পারে। যদিও ওই সময় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে অস্বীকার করে ইরানের তেল মন্ত্রণালয়। বিবিসি।