যুক্তরাজ্য নিজেদের ভূমিতে যুক্তরাষ্ট্রকে গুচ্ছবোমা ব্যবহার করতে দিয়েছে
গুচ্ছবোমা ব্যবহারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইনের ফোকর গলে যুক্তরাজ্যের ভূমিতে ওই বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এবং জেনেশুনেই ওয়াশিংটনকে এ কাজ করতে দিয়েছে লন্ডন। উইকিলিকসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক বার্তা থেকে এ তথ্য জানা গেছে।২০০৯ সালের মে মাসে পাঠানো এক তারবার্তায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। ওই বার্তা থেকে জানা গেছে, যুক্তরাজ্যের অধীনে থাকা ভারত মহাসাগরের দ্বীপ দিয়াগো গার্সিয়ায় ভূমি ও আকাশ থেকে গুচ্ছবোমা নিক্ষেপ করা হয়েছে। সমালোচকদের বক্তব্য, গুচ্ছবোমা ব্যবহারের ব্যাপক মানবিক বিপর্যয়কর প্রভাব রয়েছে। এ বোমা বিস্ফোরণের নেতিবাচক প্রভাবের শিকার বেশির ভাগ ব্যক্তিই বেসামরিক নাগরিক এবং যাদের এক-তৃতীয়াংশই শিশু। ২০০৮ সালের ডিসেম্বরে ৯০টির বেশি দেশ গুচ্ছবোমাবিরোধী সনদে (সিসিএম) স্বাক্ষর করে। ব্রিটেন এদের অন্যতম। ওই সনদ অনুযায়ী, এতে স্বাক্ষরকারী দেশগুলো নিজেরা গুচ্ছবোমার ব্যবহার বন্ধ করবে এবং অন্যদেরও সেটা ব্যবহার করতে বাধা দেবে।কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানের মতো সামরিক শক্তিধর দেশগুলো ওই সনদে স্বাক্ষর করেনি। এতে বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে নিয়ে এক ধরনের অপ্রস্তুত অবস্থায় পড়তে হয় যুক্তরাজ্যকে। কারণ, ব্রিটেন যুক্তরাষ্ট্রের কাছে দিয়াগো গার্সিয়া দ্বীপটি ইজারা দিয়েছে। ওই দ্বীপে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে গুচ্ছবোমারও বড় মজুদ রয়েছে। এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রকাশ্য অবস্থান হচ্ছে, ২০১৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে ওই দ্বীপ থেকে গুচ্ছবোমার মজুদ সরিয়ে নিতে হবে। এ ব্যাপারে গত এপ্রিল মাসে তৎকালীন ব্রিটিশ প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ব্যরনেস টেইলর পার্লামেন্টকে আশ্বস্তও করেন, যুক্তরাষ্ট্র ওই সময়সীমার মধ্যে যুক্তরাজ্যের মাটি থেকে গুচ্ছবোমার মজুদ সরিয়ে নেবে।কিন্তু উইকিলিকসের প্রকাশ করা বার্তা থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের জন্য একটি আইনি ফাঁক রেখে দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ কর্তৃপক্ষ মার্কিনিদের প্রস্তাব দিয়েছে, নির্দিষ্ট অভিযান পরিচালনার ক্ষেত্রে সাময়িকভাবে গুচ্ছবোমার মজুদ রাখতে পারবে তারা। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে নিষেধ করা হয়েছে। ওই বার্তায় ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের সিকিউরিটি পলিসি গ্রুপের প্রধান নিকোলাস পাইকার্ড নিশ্চিত করেছেন, ব্রিটেনের জলসীমায় যুক্তরাষ্ট্রের রণতরীতে গুচ্ছবোমা বহনের ব্যাপারে কোনো বাধানিষেধ নেই।ফাঁস হওয়া ওই বার্তা সম্পর্কে গুচ্ছবোমাবিরোধী সংস্থা ক্লাস্টার মিউনিশনের কর্মকর্তা থমাস ন্যাশ বলেন, ‘যুক্তরাজ্য সম্পূর্ণরূপে গুচ্ছবোমা নিষিদ্ধ করেছে এবং অন্য কোনো দেশ যেন গুচ্ছবোমা ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতেও তারা বাধ্য। কিন্তু এই তারবার্তা ব্রিটেনে পার্লামেন্টের প্রতি সম্মান এবং গণতান্ত্রিক চর্চার বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করেছে। যুক্তরাজ্যের আইনে যেসব ব্যতিক্রম রাখার সুযোগ রয়েছে, সেগুলো কোনোভাবেই গুচ্ছবোমা ব্যবহারের বৈধতা দেওয়ার জন্য কাজে লাগানো উচিত না। দিয়াগো গার্সিয়া দ্বীপের জন্য তো অবশ্যই নয়।’উইকিলিকসের প্রকাশ করা বার্তার ব্যাপারে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পার্লামেন্টকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা বা তথ্য জানানোর দায়বদ্ধতা পালনে ব্যর্থ হওয়ার যেকোনো অভিযোগ প্রত্যাখ্যান করছি আমরা।’ বিবিসি।