যুক্তরাজ্য মানবাধিকার 'লঙ্ঘনকারী' দেশে অস্ত্র রপ্তানি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য সরকার মানবাধিকার লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত কয়েকটি দেশে অস্ত্র রপ্তানি অনুমোদন করেছে। দেশটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির জন্য এক হাজার ২০০ কোটি পাউন্ডের তিন হাজার লাইসেন্স অনুমোদন করেছে। সিরিয়া, ইরান, চীনসহ ২৭টি দেশের জন্য এসব অস্ত্র রপ্তানি লাইসেন্সের অনুমোদন দেওয়া হয়। গতকাল বুধবার ব্রিটিশ আইনপ্রণেতারা এ কথা জানিয়েছেন।
কয়েকটি পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক’ এমন ২৭টি দেশের নাম ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তালিকায় রয়েছে। এসব দেশে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম রপ্তানির লাইসেন্স অনুমোদন করা হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ-বিষয়ক কমিটি বলেছে, অস্ত্রের লাইসেন্স অনুমোদন করা দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, সৌদি আরব, রাশিয়া, বেলারুশ ও জিম্বাবুয়ের নাম রয়েছে। ওই পার্লামেন্টারি কমিটিগুলোর চেয়ারম্যান ও রক্ষণশীল দলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জন স্ট্যানলি বলেন, এই প্রতিবেদন সরকারের অস্ত্র রপ্তানি ও মানবাধিকারবিষয়ক নীতিমালার মধ্যকার বিরোধকে খুবই স্পষ্ট করে তুলেছে। এএফপি।