সরকার হবে সব মানুষের: মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন টেরেসা মে (ডা​েন)। তাঁর সঙ্গে কথায় মশগুল বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল লন্ডনে হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরনের শেষ প্রশ্নোত্তরপর্ব চলার ফাঁকে l এএফপি
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন টেরেসা মে (ডা​েন)। তাঁর সঙ্গে কথায় মশগুল বিদায়ী প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল লন্ডনে হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী হিসেবে ক্যামেরনের শেষ প্রশ্নোত্তরপর্ব চলার ফাঁকে l এএফপি

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল বুধবার দায়িত্ব নিয়েছেন বিগত ক্যামেরন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে। ম্যার্গারেট থ্যাচারের পর দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর মে প্রতিশ্রুতি দিলেন এমন একটি সরকার গড়ার, যে সরকার সব মানুষের জন্য কাজ করবে, শুধু সুবিধাভোগী মুষ্টিমেয় মানুষের জন্য নয়।

গতকাল ব্রিটিশ পার্লামেন্টে বিদায়ী প্রশ্নোত্তর পর্বে ভাষণ দেন ডেভিড ক্যামেরন। এরপর তিনি বাকিংহাম প্যালেসে গিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে গিয়ে তাঁর পদত্যাগপত্র দেন। পরে রানির কাছে যান টেরেসা মে। সেখানে তিনি নতুন সরকার গঠনে আনুষ্ঠানিকভাবে রানির আমন্ত্রণ গ্রহণ করেন।

রানির কাছ থেকে ফিরে প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে যান টেরেসা মে। সেখানে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, তাঁর কাজ হবে একটি উন্নততর যুক্তরাজ্য গড়ে তোলা। তিনি ‘দিনমান কাজ করা’, ‘কোনোরকমে জীবনযাপনে অভ্যস্ত’ মানুষের উন্নততর জীবনের প্রতিশ্রুতি দেন। মের বক্তব্যের সময় তাঁর পাশে ছিলেন স্বামী ফিলিপ।

গতকাল দিনের প্রথম ভাগে পার্লামেন্টে প্রধানমন্ত্রীর শেষ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ক্যামেরন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিরা সবাই দাঁড়িয়ে তুমুল করতালি আর হর্ষধ্বনি দিয়ে বিদায় সম্ভাষণ জানান তাঁকে। আনন্দঘন বিদায়ের মুহূর্তে ক্যামেরন বললেন, ‘আমি এই কোলাহল সত্যিই মিস করব।’ এ সময় তিনি যুক্তরাজ্যকে ‘যতটা সম্ভব’ ইইউর কাছাকাছি রাখতে নেতাদের প্রতি আহ্বান জানান।

বিদায়ী ভাষণে ক্যামেরন তাঁর সময়ে গৃহীত অর্থনৈতিক, সামাজিক ও পররাষ্ট্রবিষয়ক নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন। তিনি বলেন, গত ছয় বছরে তিনি ‘জাতীয় স্বার্থে জনসেবায়’ নানা বিস্ময়কর মুহূর্ত অতিবাহিত করেছেন। ক্যামেরন তাঁর উত্তরসূরি টেরেসা মেকে ‘উষ্ণ অভিনন্দন’ জানান। অধিবেশন চলার সময় মে ক্যামেরনের পাশেই বসে ছিলেন।

পার্লামেন্টে গতকাল বক্তব্য দেন ডেভিড ক্যামেরন l ছবি: এএফপি
পার্লামেন্টে গতকাল বক্তব্য দেন ডেভিড ক্যামেরন l ছবি: এএফপি


বিদায়বেলায় ক্যামেরন বিরোধী নেতা করবিনের প্রতিও কৃতজ্ঞতা জানান। জবাবে করবিন বলেন, যদিও নানা বিষয়ে তিনি প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন, গত ছয় বছরে তাঁর কর্মকাণ্ডের জন্য তিনি ধন্যবাদ জানান। এ ছাড়া গুয়ানতানামো বে থেকে শাকের আমেরের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য করবিন বিদায়ী প্রধানমন্ত্রীর প্রতি  অভিনন্দন জানান।
গত সোমবার কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী আন্ড্রিয়া লিডসম সরে দাঁড়ানোর ঘোষণা দিলে দলটির নেতা নির্বাচিত হন মে। এর আগে যুক্তরাজ্যের ইইউতে না থাকার বিষয়ে গণভোটের রায়ের পর ক্যামেরন তাঁর পদত্যাগের ঘোষণা দেন। ক্যামেরন ইইউতে থাকার পক্ষে নেতৃত্ব দেন। আর এর জন্যই তিনি পদত্যাগ করেন। ঘোষণা অনুযায়ী আগামী অক্টোবরে তাঁর পদত্যাগের কথা ছিল। কিন্তু দলের নেতৃত্বের নির্বাচন-প্রক্রিয়া দ্রুত হওয়ায় ক্যামেরন তাঁর পূর্ব ঘোষিত পদত্যাগের সময়সীমা কমিয়ে আনেন এবং পদত্যাগের ঘোষণা দেন।
বরিস জনসন নতুন পররাষ্ট্রমন্ত্রী: লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী মে। জনসন গণভোটে যুক্তরাজ্যের ইইউ ত্যাগ করার পক্ষে ছিলেন। ক্যামেরনের পদত্যাগের ঘোষণার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নামও আলোচনায় এসেছিল।
অর্থমন্ত্রীর পদত্যাগ: অর্থমন্ত্রী জর্জ অসবর্ন পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী টেরেসা মের কার্যালয় গতকাল এ তথ্য জানায়। ২০১০ সাল থেকে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন এবং গত মাসের গণভোটের আগ পর্যন্ত তাঁকে ভাবা হতো সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে। গণভোটে অসবর্ন ইইউতে থাকার পক্ষে প্রচারণা চালান।