যুক্তরাজ্যকে জোটে রাখতে ইইউয়ের সঙ্গে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ ব্রিফিংয়ে ক্যামেরন
সংবাদ ব্রিফিংয়ে ক্যামেরন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক পুনর্নির্ধারণে সম্মত হয়েছে উভয় পক্ষ। এতে যুক্তরাজ্যকে জোটে একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউর বিশেষ সম্মেলনে দীর্ঘ দর-কষাকষির পর গত শুক্রবার রাতে এই সম্মতির কথা জানানো হয়। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চুক্তিতে যুক্তরাজ্যের আকাঙ্ক্ষা পূরণে সফল হয়েছেন দাবি করে বলেছেন, তিনি চান যুক্তরাজ্য ইইউর সঙ্গেই থাকুক। তবে চুক্তির প্রাপ্তি নিয়ে সন্দেহ ও অসন্তোষ বিরাজ করছে যুক্তরাজ্যে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সম্মত হওয়া চুক্তিতে বলা হয়েছে, অভিবাসীর সংখ্যা মাত্রাতিরিক্ত অনুভূত হলে সদস্যরাষ্ট্রগুলো নতুন প্রবেশ করা ইইউ নাগরিকদের রাষ্ট্রীয় কল্যাণ সুবিধা প্রদানে ‘জরুরি বিরতি’ কার্যকর করতে পারবে। ইইউর অন্য দেশগুলো চার বছর পর্যন্ত কল্যাণ সুবিধা বন্ধ রাখতে পারলেও যুক্তরাজ্য পারবে সাত বছর পর্যন্ত। তবে কোনো সদস্যরাষ্ট্র ‘জরুরি বিরতি’ আনতে পারবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইইউ।
এত দিন ইইউ অভিবাসীদের সন্তানেরা যুক্তরাজ্যে বসবাস না করলেও তাদের বাবা-মা যুক্তরাজ্য সরকারের কাছ থেকে ওই সব সন্তানের জন্য শিশু ভাতা (চাইল্ড বেনিফিট) দাবি করতে পারতেন। সম্মত হওয়া চুক্তি কার্যকর হলে নতুন আসা অভিবাসীরা সেই সুযোগ আর পাবেন না। এ ছাড়া বর্তমানে যে ৩৪ হাজার অনাবাসী শিশুর জন্য ভাতা আদায় করা হচ্ছে, যুক্তরাজ্য ২০২০ সালে তাও বন্ধ করে দিতে পারবে। এটিকে ক্যামেরনের অন্যতম সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া নতুন চুক্তিতে বলা হয়েছে, রাজনৈতিকভাবে আরও ঘনিষ্ঠ ইউনিয়ন গড়ার যে চেষ্টা তাতে যুক্ত হতে বাধ্য থাকবে না যুক্তরাজ্য। লন্ডনের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ‘জরুরি সুরক্ষা’ ও যুক্তরাজ্যের কোম্পানিগুলোকে জোরপূর্বক ইউরোপে স্থানান্তরের চেষ্টা ঠেকাতে বিশেষ ক্ষমতা থাকবে যুক্তরাজ্যের। ইইউর অর্থনৈতিক জোটের (যেসব দেশ একক মুদ্রা ইউরো ব্যবহার করে) নীতি প্রণয়নে যুক্তরাজ্য বৈষম্যের শিকার হবে না।
প্রধানমন্ত্রী ক্যামেরন প্রতিশ্রুতি পূরণে সক্ষম হয়েছেন দাবি করে বলেছেন, এই চুক্তি যুক্তরাজ্যকে বিশেষ মর্যাদা দিয়েছে। তবে যুক্তরাজ্যের ইইউ বিরোধীরা এই চুক্তিকে ‘ফাঁপা’ আখ্যা দিয়ে বলেছেন, পরিস্থিতি বদলাতে এটা কোনো কাজে আসবে না। দেশে ফিরেই মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে ক্যামেরন ঘোষণা করেন, ইইউতে যুক্তরাজ্যের থাকা না থাকা প্রশ্নে গণভোট হবে আগামী ২৩ জুন। প্রধানমন্ত্রী এ সময় ইইউতে থাকার পক্ষে সরকারের মত জানান। তাঁর এ ঘোষণার আগেই শুক্রবার থেকেই ইইউ-বিরোধীরা পুরোদমে প্রচার শুরু করে দিয়েছে।
ক্ষমতাসীন রক্ষণশীল দলের সমর্থক ও নেতাদের একাংশের মধ্যেও এ নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এঁরা আশা করেছিলেন, চুক্তির মাধ্যমে ইইউ দেশগুলোর অভিবাসীদের অবাধে যুক্তরাজ্যে প্রবেশ নিয়ন্ত্রণ ও তাঁদের রাষ্ট্রীয় কল্যাণের আর্থিক সুবিধা বন্ধে সফল হবেন ক্যামেরন।
ইইউর মুক্ত সীমান্ত নীতির কারণে এর সদস্যদেশগুলোর নাগরিকেরা অবাধে যুক্তরাজ্যে এসে বসতি গড়তে পারে। ইইউ নীতি অনুযায়ী যুক্তরাজ্য এসব অভিবাসীকে আবাসন, চিকিৎসা, বেকার ভাতাসহ প্রচলিত সব রাষ্ট্রীয় সুবিধা দিতে বাধ্য। সাম্প্রতিক সময়ে ইইউ অভিবাসীদের নিয়ন্ত্রণের জোরালো দাবি উঠলে গত নির্বাচনে ক্যামেরন প্রতিশ্রুতি দেন যে ইইউতে যুক্তরাজ্যের থাকা না থাকা নিয়ে তিনি ২০১৭ সালের মধ্যেই গণভোটের আয়োজন করবেন। তার আগে তিনি জনগণের দাবি পূরণে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের চুক্তির শর্ত বদলের চেষ্টা করবেন। এ কাজে সফল হলে তিনি যুক্তরাজ্যের মানুষকে ইইউতে থাকার পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাবেন।
বলা হচ্ছে, ক্যামেরন নিজ দলকেই চুক্তির প্রাপ্তি বোঝাতে বিপাকে পড়বেন। তাঁর মন্ত্রিসভার অন্তত ছয়জন প্রভাবশালী সদস্য ইইউ ছেড়ে দেওয়ার পক্ষে প্রচারে নামবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাজ্যকে ইইউতে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন এ জোটের নেতারা। ইইউ কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লদ জাঙ্কার এই চুক্তিকে যুক্তরাজ্যের জন্য ‘ন্যায্য’ বলে মন্তব্য করেছেন। ইইউর সবচেয়ে প্রভাবশালী নেতা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল আশা প্রকাশ করেন, সম্মত হওয়া সংস্কার যুক্তরাজ্যের মানুষকে ইইউতে থাকার পক্ষে ঐক্যবদ্ধ করতে পারবে।