যুক্তরাজ্যকে দ্রুত ইইউ ছাড়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণভোটের রায়ের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা যুক্তরাজ্যকে দ্রুত ই​ইউ ছেড়ে চলে যেতে বলেছেন। কেননা জনগণের রায়ের পরও যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সময় দীর্ঘায়িত হলে অনিশ্চয়তাও দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন তাঁরা। 

ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ-ক্লদ জাঙ্কার জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ইইউ ছেড়ে চলে গেলেও অবশিষ্ট ২৭ সদস্য নিয়েই ইইউর কার্যক্রম অব্যাহত থাকবে।
ইইউ ত্যাগ করতে যুক্তরাজ্যের ৫২ শতাংশ মানুষ মত দেওয়ার পর শুক্রবার ডেভিড ক্যামেরন অক্টোবরের মধ্যেই প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দেন। তিনি বলেছেন, নতুন প্রধানমন্ত্রীর হাত ধরেই যুক্তরাজ্যের নতুন অধ্যায় শুরু হবে। গণভোটের রায়ের পর বিশ্ব শেয়ারবাজারে সূচকের পতন ঘটেছে। নাটকীয়ভাবে পরে গেছে পাউন্ডের দামও।
শুক্রবার সকালে ইউরোপিয়ান কমিশনের প্রধান জাঁ-ক্লদ জাঙ্কার, ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শুলজ, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন। এরপর তাঁরা এক বিবৃতিতে বলেছেন, এ ঘটনা দুঃখজনক। তবে তাঁরা যুক্তরাজ্যের জনগণের সিদ্ধান্তের প্রতি সম্মান জানান। তাঁরা বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব জনগণের এই সিদ্ধান্ত কার্যকর করা উচিত। যদিও এটা তাদের জন্য বেদনাদায়ক হতে পারে। তবে অকারণে বিলম্ব করলে অনিশ্চয়তা দীর্ঘায়িত হবে।’ তাঁরা আরও বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহারের শর্তাবলি মেনে দ্রুত আলোচনা আরম্ভ করার জন্য প্রস্তুত আছি।’
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল যুক্তরাজ্যের সিদ্ধান্তকে ‘বড়ই বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন। তিনি বলেছেন, এটা ইউরোপের প্রতি আঘাত এবং ইউরোপের একীভূতকরণ প্রক্রিয়ার ওপরও আঘাত।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, এই ভোট ইউরোপকে সত্যিকারের পরীক্ষায় ফেলেছে। তিনি বলেন, ‘আমি এই বেদনাদায়ক সিদ্ধান্তকে সম্মান জানাই। ফ্রান্স এই বন্ধু রাষ্ট্রের সঙ্গে কার্যক্রম অব্যাহত রাখবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাজ্য যে অভিবাসন ও নিরাপত্তায় যুক্তরাজ্যের অসুখীর প্রমাণ।
আগামী মঙ্গলবার ভোট মূল্যায়ন করার জন্য ইউরোপীয় পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।