জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেছেন, যুক্তরাজ্যকে জোটে রাখার জন্য প্রতিষ্ঠাকালীন চুক্তিতে পরিবর্তন আনতে হলে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তা করতে হতে পারে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়শকা ফিশার সংস্কার আনার ব্যাপারে জার্মানির সমর্থনের ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ‘বেশি আত্মবিশ্বাসী’ না হতে বলার পরপরই এ কথা বললেন ম্যার্কেল। খবর রয়টার্স ও বিবিসির।
বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ম্যার্কেল বলেন, তিনি আশাবাদী যে যুক্তরাজ্যকে ইইউ জোটে রাখার মতো পরিবেশ তৈরি করা সম্ভব হবে। এ নিয়ে তিনি খুব বেশি উদ্বেগে নেই।
বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমি আশাবাদী যে আমরা সবাই চাইলে একটি ভালো সমাধান মিলবে।’
ইইউর প্রতিষ্ঠাকালীন চুক্তিতে পরিবর্তন আনার বিষয়টি জোটে একটি স্পর্শকাতর ও জটিল ইস্যু। ফ্রান্সসহ কয়েকটি দেশ এ নিয়ে উদ্বিগ্ন।
সাম্প্রতিক সাধারণ নির্বাচনে সবাইকে চমকে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া ক্যামেরন সরকার ইইউর প্রতিষ্ঠাকালীন চুক্তিতে বদল আনতে জোর তৎপরতা চালিয়ে আসছে। পাশাপাশি দেশীয় বিচারব্যবস্থায় মানবাধিকারবিষয়ক ইউরোপীয় সনদের প্রভাব কমাতে বিদ্যমান মানবাধিকার-সংশ্লিষ্ট আইনগুলোও ঢেলে সাজাতে চায় ক্যামেরনের কনজারভেটিভ পার্টি।
তবে ম্যার্কেলের এ কথা প্রচার হওয়ার আগে সাবেক জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়শকা ফিশার গতকাল বৃহস্পতিবার বিবিসিকে বলেন, জার্মানির সমর্থনের ব্যাপারে ক্যামেরনের বেশি নিশ্চিত হওয়া ঠিক হবে না। ইউরোপীয় পররাষ্ট্রনীতির অন্যতম মূল পরিকল্পনাকারী ফিশার বলেন, ম্যার্কেলের কাছে যুক্তরাজ্য অগ্রাধিকার নয়। যুক্তরাজ্যের বাইরেও কিছু বিষয় রয়েছে, যেখানে তাঁকে অগ্রাধিকার দিতে হবে।
এদিকে ব্রিটিশ পার্লামেন্টে গত বুধবার প্রধানমন্ত্রী ডেিভড ক্যামেরন ইউরোপীয় মানবাধিকার কনভেনশন (ইউসিএইচআর) থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘একটি বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা চাই ব্রিটিশ আদালতগুলোতে সিদ্ধান্ত নেবেন ব্রিটিশ বিচারকেরাই।
ক্যামেরনের যুক্তি, বারবার অপরাধ করলেও অনেককে যুক্তরাজ্য থেকে বিতাড়ন করা যাচ্ছে না। কারণ, তারা ইউসিএইচআরে প্রদত্ত পরিবারের সঙ্গে বসবাসের অধিকারকে এ ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করছে।