
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিষ্ঠাকালীন চুক্তিতে সংশোধনী আনতে হবে। লন্ডনের সঙ্গে তাদের বাস্তবসম্মত চুক্তি করতে হবে। তাহলেই কেবল ব্রিটিশদের এই জোটে থেকে যেতে রাজি করানো যাবে।
ইইউতে সংস্কার আনার জন্য সদস্যদেশগুলোকে চাপ দিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুই দিনের সফরে বেরোনোর প্রেক্ষাপটে হ্যামন্ডের এ মন্তব্য এল। যুক্তরাজ্যের ইইউর সদস্য থাকা না থাকা প্রশ্নে একটি গণভোটের আগে ওই সফরে বেরিয়েছেন ক্যামেরন। খবর এএফপি ও রয়টার্সের।
পররাষ্ট্রমন্ত্রী হ্যামন্ড বিবিসি রেডিওকে বলেন, ‘অংশীদাররা যদি আমাদের সঙ্গে একমতই না হয়, যদি ওই সমঝোতায় পৌঁছতে আমাদের সঙ্গে না-ই কাজ করে, তাহলে কোনো সম্ভাবনাকেই আমরা উড়িয়ে দেব না।’ হ্যামন্ড আরও বলেন, ‘আমরা যে উপদেশ পাচ্ছি, সেটা হলো আমাদের এ-সংক্রান্ত চুক্তিতেই পরিবর্তন আনতে হবে।’
দুই দিনের সফরে ক্যামেরন: সদ্য অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে প্রচারণার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে আবার জয়ী হলে ইইউতে থাকা না থাকা প্রশ্নে ভোটারদের মতামত জানতে ২০১৭ সালের মধ্যে গণভোটের আয়োজন করবেন। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন ক্যামেরন। বুধবার পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে রানির ভাষণে সেই গণভোটের লক্ষ্যে বিলের ঘোষণাও দেওয়া হয়েছে। তবে গণভোটের আগেই ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ঢেলে সাজানোরও প্রতিশ্রুতি দিয়েছে ক্যামেরন সরকার।
জোটে সংস্কার আনার সেই লক্ষ্য বাস্তবায়নে ইইউর অন্য নেতাদের সমর্থন আদায়ে গতকাল দুই দিনের সফর শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রথমে নেদারল্যান্ডসে গিয়ে তাঁর সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করার কথা ছিল। এরপর রাতেই প্যারিসে পৌঁছে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার কথা। এরপর আজ শুক্রবার ওয়ারশে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ইভা কোপাজের সঙ্গে বৈঠক শেষে বার্লিনে উড়ে যাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন ক্যামেরন।