যুক্তরাজ্যজুড়ে সেনা মোতায়েনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার জেরে ব্রিটিশ কর্তৃপক্ষ যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী লন্ডনের পার্লামেন্ট ভবনের কাছে নিউ স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ সদর দপ্তরের পাশের একটি ভবনের কাছ থেকে গতকাল তোলা ছবি l এএফপি
ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার জেরে ব্রিটিশ কর্তৃপক্ষ যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী লন্ডনের পার্লামেন্ট ভবনের কাছে নিউ স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ সদর দপ্তরের পাশের একটি ভবনের কাছ থেকে গতকাল তোলা ছবি l এএফপি

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে গত সোমবার রাতে কনসার্টে আত্মঘাতী হামলার পর দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশে আরও সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন, দেশে সন্ত্রাসী হামলার আশঙ্কায় সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে। যেকোনো মুহূর্তে আবারও হামলা হতে পারে।

এ ছাড়া ওই হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে আরও ৩ ব্যক্তিকে।

ম্যানচেস্টারে হামলায় ২২ জন নিহত হওয়ার এক দিন পর গতকাল বুধবার সেনা মোতায়েন এবং নতুন করে অত্যাসন্ন হামলার আশঙ্কা ব্যক্ত করে নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করার নির্দেশ দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ২০০৭ সালের জুনে গ্লাসগো বিমানবন্দরে সন্ত্রাসী হামলার পর এই প্রথম দেশটিতে সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ স্তরে নেওয়া হলো।

যুক্তরাজ্যের কর্মকর্তারা জানান, ম্যানচেস্টার হামলার পরের পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সহায়তা করতে সারা দেশে নামানো হচ্ছে প্রায় ৮০০ সেনাসদস্য। স্থানীয় সময় গতকাল বুধবার দিনের শেষে সেনাসদস্য নামানোর কথা ছিল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট, পার্লামেন্ট, বাকিংহাম প্যালেসসহ লন্ডনের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায়ও পুলিশের পরিবর্তে সেনাসদস্য মোতায়েন করা হবে।

কর্মকর্তারা আরও জানান, সেনাসদস্যরা পুলিশ কমান্ডের অধীনেই কাজ করবেন। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পরিবর্তে সেনাসদস্য মোতায়েনের কারণ হিসেবে তাঁরা বলছেন, সন্দেহভাজন সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অন্যান্য দায়িত্ব পালনে পুলিশকে আরও সুযোগ করে দেওয়াই এর লক্ষ্য।

এর আগে ২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর যুক্তরাজ্য সরকার দেশে সেনা নামানোর কথা ভেবেছিল। ওই হামলার পর সেনা নামিয়েছিল ফ্রান্স।

সেনাসদস্য মোতায়েনের বিষয়ে প্রধানমন্ত্রী মে বলেন, নিয়মিত পাহারার দায়িত্ব থেকে পুলিশকে অবকাশ দিতে সরকারের ‘অপারেশন টেম্পারার’ পরিকল্পনার আওতায় দেশে সেনা মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ যেসব স্থানে তাদের মোতায়েন করা হবে, সেগুলোর অন্যতম বাকিংহাম প্যালেস, ডাউনিং স্ট্রিট, পার্লামেন্ট ভবন ও লন্ডনে বিদেশি দূতাবাস।

ম্যানচেস্টার হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে হামলার আশঙ্কা নিয়ে হুমকির মাত্রা ‘ক্রিটিক্যাল’ পর্যায়ে উন্নীত করা হলেও স্কটল্যান্ডের পুলিশ দৃশ্যত এখনো সেখানকার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি ভবনে মোতায়েনের জন্য সদস্য পাঠাতে সেনাবাহিনীকে অনুরোধ জানায়নি।

যুক্তরাজ্যে আরও হামলার আশঙ্কা ও এ ব্যাপারে সতর্কতা সর্বোচ্চ স্তরে উন্নীত করার কারণ হিসেবে নিরাপত্তা সংস্থাগুলো বলেছে, ম্যানচেস্টারে আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি একাই হামলার সঙ্গে জড়িত কি না, তা এখনো বের করতে পারেননি তদন্ত কর্মকর্তারা।

এদিকে ম্যানচেস্টারে আত্মঘাতী হামলার ঘটনায় তদন্তের অংশ হিসেবে আরও তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি)। এ নিয়ে হামলার পর মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। এই ব্যক্তিদের মধ্যে হামলাকারী যুবক আবেদির ২৩ বছর বয়সী ভাই ইসমাইলও রয়েছেন।

ওদিকে বাকিংহাম প্যালেসের কাছ থেকে গতকাল ছুরিসহ আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।