ইংল্যান্ড ও ওয়েলসে গোয়েন্দা কর্মকাণ্ডে নিযুক্ত পুলিশ কর্মকর্তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছেন। ফলে সেখানে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা-সংক্রান্ত আইনে জরুরি ভিত্তিতে সংস্কার আনা দরকার। যুক্তরাজ্যের বহুদলীয় একটি সংসদীয় কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।যুক্তরাজ্যের সাবেক পুলিশ কর্মকর্তা মার্ক কেনেডির কেলেঙ্কারি ২০১১ সালে প্রকাশ হয়ে পড়ে। তিনি মার্ক ফ্ল্যাশ স্টোন ছদ্মপরিচয়ে পরিবেশবাদীদের আন্দোলনে যোগ দিয়ে গুপ্তচরবৃত্তি করেন। ওই সময় তিনি অন্তত একজন আন্দোলনকর্মীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। কেনেডির ওই ঘটনা প্রকাশের পর আরও অনেক গোয়েন্দা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে।যুক্তরাজ্যের পার্লামেন্টের বিভিন্ন দলের সদস্যদের সমন্বয়ে গঠিত দ্য কমনস হোম অ্যাফেয়ার্স কমিটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত আইন এ ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। কমিটি গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত কর্মকর্তারা যাঁদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, তাঁদের কথা বিশেষভাবে উল্লেখ করেছে। অনেক ক্ষেত্রে গোয়েন্দা কর্মকর্তারা মৃত শিশুদের জন্মসনদের পরিচয় ব্যবহার করেছেন বলেও কমিটি জানিয়েছে।দ্য অ্যাসোসিয়েশন অব চিফ পুলিশ অফিসার্স জানিয়েছে, তারা পুলিশের গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনায় অধিকতর নিয়ন্ত্রণের বিষয়টিকে সমর্থন করে এবং প্রচলিত আইনে সংস্কারের বিষয়টিকে স্বাগত জানাবে।ব্রিটিশ পার্লামেন্টে বিভিন্ন দলের সদস্যদের সমন্বয়ে গঠিত ওই কমিটি জানিয়েছে, গুপ্তচর কর্মকর্তাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক থাকার অভিযোগ তুলে পাঁচ নারী ও এক পুরুষ মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে। কমিটি আরও জানিয়েছে, একজন গুপ্তচর কর্মকর্তা নিরুদ্দেশ হয়ে যাওয়ার আগে একটি সন্তানের বাবাও হয়েছেন।কমিটি বলেছে, ‘এ ধরনের সম্পর্কের ফলে জন্ম নেওয়া একটি শিশু পৃথিবীতে এভাবে বেড়ে উঠবে এটা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা অবশ্যই আর ঘটতে দেওয়া যাবে না।’ বিবিসি।