যুক্তরাজ্যে আশ্রয় চান ওসামার স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছোট স্ত্রী আমাল আহমদ আবদুলফাত্তাহ আল সাদা যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনা করেছেন। ব্রিটেনের একটি দৈনিক পত্রিকায় গতকাল বৃহস্পতিবার এ খবর প্রকাশিত হয়।দ্য সান প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওসামার ইয়েমেনি স্ত্রী আমাল তাঁর পাঁচ শিশুসন্তানসহ যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী। পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে আমাল ব্রিটিশ রাজপরিবার ও জাতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমি মনে করি, যুক্তরাজ্য সরকার ও দেশটির জনগণ মার্কিনদের তুলনায় মার্জিত ও বন্ধুসুলভ। ব্রিটিশরা সামরিক অভিযানের চেয়ে শান্তিতে বিশ্বাসী। তাঁদের রাজপরিবারের সঙ্গে দেখা করতে পারলে আমি আনন্দিত হব। ওই পরিবারটি বেশ আকর্ষণীয় এবং সব সময় শান্তির জন্য কাজ করে। ব্রিটেনের নির্বাচিত সরকারের যুক্তরাষ্ট্রের প্রতি কিছুটা ঝোঁক থাকলেও দেশটির রাজপরিবার সব সময়ই ভালো কাজ করছে।’এদিকে ওসামার পরিবারের সদস্যদের ‘যত শিগগির সম্ভব’ পাকিস্তান ত্যাগের ব্যাপারে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার চেষ্টা করছে দেশটির কর্তৃপক্ষ। ওসামার স্ত্রী ও সন্তানদের সৌদি আরব ও ইয়েমেনে পাঠাতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ওসামার শ্যালক জাকারিয়া আল-সাদাহ গতকাল এ তথ্য জানিয়েছেন। আমালের ভাই জাকারিয়া বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ এবং সৌদি ও ইয়েমেনি দূতাবাস প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক করতে সময় নিচ্ছে।পাকিস্তানের বাইরে যেতে পারলে ওসামার স্বজনেরা বছরের পর বছর ধরে দেশটির অভ্যন্তরে তাঁদের গোপন অবস্থানের ব্যাপারে নতুন অনেক তথ্য প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের পরাক্রমশালী সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার মদদেই ওসামা সে দেশে লুকিয়ে ছিলেন বলে পশ্চিমাদের সন্দেহ রয়েছে। তবে পাকিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।ওসামার গোপন অবস্থানের ব্যাপারে পাকিস্তানি কর্তৃপক্ষের কোনো ধরনের সংশ্লিষ্টতার তথ্য প্রকাশিত হলে তা দেশটির সরকারকে বিব্রত এবং যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করবে। নিউইয়র্কে ৯/১১ সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র ওই হামলার মূল পরিকল্পনাকারী ওসামাকে ধরতে বছরের পর বছর তল্লাশি চালিয়েছে। অবশেষে গত বছরের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। এরপর তাঁর স্ত্রী ও সন্তানদের আটক করা হয়। জি নিউজ ও রয়টার্স।