যুক্তরাজ্যে ইন্টারনেট ও ফোন ব্যবহারকারীদের পর্যবেক্ষণে আইন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ই-মেইল ও ওয়েবসাইট ব্যবহারকারীদের পর্যবেক্ষণের আওতায় আনতে আইন করা হচ্ছে। এই আইনে বার্তা ও ফোনকল পর্যবেক্ষণও করা হবে। শিগরিই নতুন এই আইন পাস করা হতে পারে।নতুন আইনে দেশটির ইন্টারনেট সেবাদান প্রতিষ্ঠানগুলোকে গোয়েন্দা সংস্থা দ্য গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টারকে (জিসিএইচকিউ) প্রবেশাধিকার দেওয়ার বিষয়টি উল্লেখ থাকবে। যুক্তরাজ্য সরকারের অভিবাসন নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণবিষয়ক বিভাগ হোম অফিস জানায়, অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করতে নতুন এই আইন করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে সুশীল সমাজের বিভিন্ন সংগঠন সরকারের এই উদ্যোগের কঠোর সমালোচনা করেছে।যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড ডেভিস এই উদ্যোগের সমালোচনা করেছেন। তিনি বলেন, এটা সাধারণ জনগণের ব্যাপারে নাক গলাতে সরকারের সামর্থ্যের অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ব্যাপার। এখানে সন্ত্রাসী ও অপরাধীদের বিষয়ে মনোযোগ না দিয়ে প্রত্যেকের ই-মেইল, ফোন ও ওয়েবসাইটে জিসিএইচকিউর প্রবেশাধিকার দিতে বলা হচ্ছে। এর আগে দেশটির বর্তমান বিরোধী দল লেবার পার্টি ক্ষমতায় থাকার সময় একই ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সময় সব পক্ষের তীব্র বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। ওই সময় বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টিও ওই উদ্যোগের বিরোধিতা করে।সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মাসে রানির ভাষণে নতুন আইনের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। নতুন আইনে জিসিএইচকিউ ওয়েবসাইট, ই-মেইল ও বার্তা পর্যবেক্ষণ করতে পারবে। কিন্তু পরোয়ানা ছাড়া ই-মেইল বা বার্তায় কী আছে, তা তারা জানতে পারবে না। এই আইন কার্যকর হলে কে, কতক্ষণ, কার সঙ্গে যোগাযোগ করছে, তা চিহ্নিত করতে পারবেন গোয়েন্দা কর্মকর্তারা।হোম অফিসের এক বিবৃতিতে বলা হয়, এই আইন কার্যকর হলে জনগণের নিরাপত্তায় পুলিশ ও সংশ্লিষ্টরা গুরুতর অপরাধ এবং সন্ত্রাসবাদের বিষয়গুলো তদন্তে অনেক তথ্য পাবে। বিবিসি।