যুক্তরাজ্যে উগ্রবাদের 'শীর্ষ মদদদাতা' সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ইসলামিক উগ্রবাদ প্রচারে ‘মদদ’ দিচ্ছে বলে সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সেখানকার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান (থিংক ট্যাংক) ‘হেনরি জ্যাকসন সোসাইটি’। যুক্তরাজ্যভিত্তিক এ প্রতিষ্ঠান আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে, সন্ত্রাসবাদকে উসকানি দেওয়া দেশের ‘শীর্ষে’ রয়েছে মুসলিম বিশ্বের নেতৃত্বদানকারী দেশটি।

উগ্রবাদ ও সন্ত্রাসবাদে বিদেশি অর্থায়ন নিয়ে সরকারকে গণতদন্তের (পাবলিক ইনকোয়ারি) দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা মসজিদগুলোর অর্থের উৎসের বিস্তারিত হিসাব প্রকাশে আইন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উগ্রবাদ দমনে সরকার যে বিশেষ কমিশন গঠনের ঘোষণা দিয়েছে, সেটিকে স্বাগত জানিয়েছে।

মুসলিম ব্রাদারহুড ও হামাসকে সমর্থন এবং সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগে সৌদি আরব প্রতিবেশী দেশ কাতারকে একঘরে করার পাঁয়তারা চালাচ্ছে। এ নিয়ে সৌদি জোটের সঙ্গে কাতারের তুমুল উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে উল্টো সৌদি আরবের বিরুদ্ধেই সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি অর্থ ঢালার অভিযোগ উঠল।

যুক্তরাজ্যে ইসলামিক উগ্রবাদ প্রচারে সৌদি আরবের সম্পৃক্ততার অভিযোগ নতুন নয়। উগ্রবাদ ও সন্ত্রাসবাদে বিদেশি অর্থায়নসংক্রান্ত সরকারি এক তদন্তে সৌদি আরব সম্পর্কে স্পর্শকাতর তথ্য উঠে আসায় ওই প্রতিবেদন যুক্তরাজ্য সরকার প্রকাশ করছে না বলে অভিযোগ। প্রায় ছয় মাস আগে সম্পন্ন হওয়া ওই প্রতিবেদন প্রকাশ না করা নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যেই বেসরকারি প্রতিষ্ঠানের এই প্রতিবেদন এল। সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কায় দেশটিকে খুশি রাখতে যুক্তরাজ্য সরকার ওই প্রতিবেদন প্রকাশ করছে না বলে অভিযোগ।

হেনরি জ্যাকসন সোসাইটির প্রতিবেদনে বলা হয়, ষাটের দশক থেকে মুসলিম অধ্যুষিত দেশগুলোর পাশাপাশি পশ্চিমা দেশে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ‘ওয়াহাবি মতবাদ’ প্রচারে সৌদি আরব কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালছে। যুক্তরাজ্যে মসজিদ ও ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুদান হিসেবে এসব অর্থ পেয়ে থাকে। আর এসব প্রতিষ্ঠান সালাফি-ওয়াহাবি মতবাদের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে। তারা ওই মতবাদে বিশ্বাসী ভাষ্যকারদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয়। সৌদি আরবে শিক্ষাবৃত্তি প্রদান, প্রশিক্ষণ এবং যুক্তরাজ্যের ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যবই সরবরাহ কিংবা দাতব্য সংগঠনের মাধ্যমেও রক্ষণশীল ওয়াহাবি মতবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে; যা পশ্চিমা সমাজব্যবস্থা ও উদার সংস্কৃতির ঘোর বিরোধী হিসেবে মুসলিমদের তৈরি করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালে সৌদি আরব বিশ্বব্যাপী ওয়াহাবি মতবাদ প্রচারে বছরে প্রায় দুই বিলিয়ন পাউন্ড ব্যয় করত। ২০১৫ সালে এসে তা দ্বিগুণ হয়েছে। যুক্তরাজ্যে ওয়াহাবি মতবাদ প্রসারের সঙ্গে ব্যয় বৃদ্ধির ঘনিষ্ঠ সম্পর্ককে নির্দেশ করেছে এই প্রতিবেদন। ২০০৭ সালে যুক্তরাজ্যে সালাফি-ওয়াহাবি মসজিদ ছিল ৬৮টি। আর ২০১৫ সালে এ সংখ্যা বেড়ে হয়েছে ১১০।

এতে বলা হয়, যুক্তরাজ্যে উগ্রবাদের দায়ে অভিযুক্ত কয়েকজন শীর্ষ ইসলামিক ভাষ্যকার আবু কাতাদা, আবু হামজা, আবদুল্লাহ আল ফয়সাল ও শেখ ওমর বাকরি ওয়াহাবি মতবাদে বিশ্বাসী ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত মসজিদগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

প্রতিষ্ঠানটির গবেষক টম উইলসন বলেন, ইরান-কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইসলামি উগ্রবাদ প্রচারে কলকাঠি নাড়ছে। এ তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব। তিনি বলেন, ‘এটা সত্যিই বিস্ময়কর যে সৌদি আরব নিজের সমস্যা সমাধান না করে কাতারকে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে শায়েস্তা করার ভূমিকা নিয়েছে।’

প্রতিবেদনে মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করে পশ্চিমাবিরোধী অনুদার মানসিকতা ঢুকিয়ে দেওয়ার এ চেষ্টাকে ‘উদ্দেশ্যমূলক এবং কৌশলগত’ বলে আখ্যায়িত করা হয়।