যুক্তরাজ্যে এক বয়োজ্যেষ্ঠ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালাল উদ্দিন
জালাল উদ্দিন

যুক্তরাজ্যের রচডেইল এলাকায় জালাল উদ্দিন নামের এক বয়োজ্যেষ্ঠ বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে রচডেইলের একটি পার্ক থেকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।
বশির নামে নিহতের দূর সম্পর্কের এক ভাতিজা প্রথম আলোকে বলেন, আনুমানিক ৬৫ বছর বয়সী জালাল উদ্দিনের বাড়ি সিলেটের বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সতপুর গ্রামে। তাঁর পাঁচ ছেলে, দুই মেয়ে ও স্ত্রী বাংলাদেশেই আছেন। জালাল উদ্দিন গত প্রায় ১৪ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছিলেন। এক সময় তিনি রচডেইলের বাংলাদেশিদের দ্বারা পরিচালিত জালালিয়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। গত পাঁচ-ছয় বছর ধরে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের আরবি পড়াতেন।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিচিত আবদুল হামিদ টিপু প্রথম আলোকে বলেন, স্থানীয় সাউথ স্ট্রিট পার্কের কাছে জালাল উদ্দিনকে গোঙরাতে দেখে সাহায্য করতে এগিয়ে যান দুই যুবক। তাঁরা পুলিশকে খবর দেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে ওল্ডহ্যাম হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। আরবি পড়ানো শেষে জালাল উদ্দিন পার্ক দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে যে জালাল উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং এটিকে তারা হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করছে। তবে এটি কোনো বর্ণবাদী আক্রমণ কি না, সে বিষয়ে কোনো বক্তব্য না দিলেও পুলিশ বলেছে, তাঁরা কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না। জালাল উদ্দিন স্থানীয় বাংলাদেশিদের কাছে বেশ সুপরিচিত ছিলেন।