যুক্তরাজ্যে একটি দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়ী কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ক্যামেরন সে দেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন। গতকাল বুধবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ সরকার গঠনের জন্য ক্যামেরনকে আমন্ত্রণ জানান। ওই আমন্ত্রণ পাওয়ার পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে একটি ভাষণ দেন টোরি নেতা।ক্যামেরন বলেন, ‘নতুন সরকার গঠনের জন্য রানি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। নতুন সরকার সম্পর্কে বলার আগে বর্তমান সরকার সম্পর্কে আমি কিছু বলতে চাই। এক দশক আগের তুলনায় বর্তমানে এই দেশে অনেক বেশি উন্মুক্ত পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবেও অনেক বেশি সহানুভূতি অর্জন করেছে। এ নিয়ে আমাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। দেশবাসীর পক্ষ থেকে বিদায়ী প্রধানমন্ত্রীকে আমি শ্রদ্ধা জানাতে চাই। নিবেদিতভাবে দীর্ঘদিন জনসেবামূলক কাজে তাঁর অবদানের জন্য তাঁকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই।‘ভবিষ্যতের কথা বলতে গেলে, আমাদের দেশ একটি ঝুলন্ত পার্লামেন্ট পেয়েছে। সেখানে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আর আমাদের সামনে কিছু বড় সমস্যা রয়েছে। এর মধ্যে রয়েছে বিশাল বাজেট ঘাটতি, সামাজিক সমস্যা ও একটি রাজনৈতিক ব্যবস্থা, যার সংস্কার দরকার। এসব সমস্যা মোকাবিলার জন্য আমি কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটদের মধ্যে একটি যথাযথ ও পূর্ণাঙ্গ জোট গঠন করতে চাই। আমার বিশ্বাস, এর মাধ্যমেই দেশকে একটি শক্তিশালী, স্থিতিশীল, ভালো ও সুন্দর সরকার উপহার দেওয়া সম্ভব, যা এ মুহূর্তে আমাদের খুবই দরকার।‘নিক ক্লেগ (লিবারেল ডেমোক্র্যাটস নেতা) ও আমি দুজনেই দলীয় মতপার্থক্য দূরে সরিয়ে রেখে সবার ভালোর জন্য ও জাতীয় স্বার্থে কাজ করতে আগ্রহী। আমার ধারণা, এর মাধ্যমেই আমরা একটি শক্তিশালী সরকার পাব।‘আমি মনে করি, দেশবাসী এ মুহূর্তে সবচেয়ে আগে যা চায় তা হলো, সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা, সমস্যাগুলো দূর করা, কঠিন সিদ্ধান্তগুলো গ্রহণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণকে অন্তর্ভুক্ত করা, যাতে আমরা সবাই মিলে আগামীর সুন্দর দিনগুলোতে পৌঁছাতে পারি।‘পাশাপাশি ব্যয় কমানোর জন্য কাজ করতে হবে, পার্লামেন্ট সংস্কারের জন্য কাজ করতে হবে এবং অবশ্যই নিশ্চিত করতে হবে জনগণই ক্ষমতা নিয়ন্ত্রণ করছে এবং রাজনীতিকেরা সবসময় তাঁদের সেবক, কখনোই শাসক নন।‘পাশাপাশি আরও কিছু দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি। আর তা হলো সরকার কী অর্জন করতে পারবে সে ব্যাপারে সৎ থাকা। সত্যিকারের পরিবর্তন আনা সরকারের একার পক্ষে সম্ভব নয়। সত্যিকারের পরিবর্তন আসে তখনই, যখন সবাই একত্রে কাজ করে। যখন আমরা সবাই নিজের প্রতি, পরিবারের প্রতি, অন্যদের প্রতি এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করি।‘ব্রিটেনে একটি দায়িত্বশীল সমাজ গড়ে তোলার চেষ্টায় আমি সাহায্য করতে চাই, যেখানে আমরা শুধু জিজ্ঞেস করব না, কোথায় আমার অধিকার? বরং জানতে চাইব, আমার দায়িত্বগুলো কী? আমরা শুধু জিজ্ঞেস করব না, আমি কী পেয়েছি। বরং জানতে চাইব, আমি কী দিতে পারি।‘আমি নিশ্চিত করতে চাই, আমার সরকার সবসময় দেশের প্রবীণ, দুর্বল ও দরিদ্রদের পাশে থাকবে। সামনের কিছু সমস্যা মোকাবিলায় কঠোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা অবশ্যই সবাইকে আমাদের সঙ্গে নেব। তবে সবকিছুর আগে এই সরকার প্রতিষ্ঠিত হবে কিছু স্পষ্ট ভিত্তির ওপর, এগুলো হচ্ছে—স্বাধীনতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা।‘আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলতে চাই, যেখানে কাজের পুরস্কার থাকবে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে পরিবারের মধ্যে, সমাজের সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় হবে এবং এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যার প্রতি জনগণ আস্থা রাখতে পারবে।‘এটা খুবই কঠিন কাজ। তবে আমি বিশ্বাস করি একসঙ্গে আমরা এসব মূল্যবোধ, পারিবারিক ও সামাজিক আস্থা ফিরিয়ে আনা এবং সর্বোপরি দেশে দায়িত্বশীলতা ফিরিয়ে আনার মাধ্যমে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার গড়ে তুলতে পারব, যা আমাদের দেশের জন্য দরকার। এসব বিষয়ের ব্যাপারেই আমি গুরুত্ব দিচ্ছি এবং এই সরকার এসব বিষয়ে কাজ করতে শুরু করবে।’