যুক্তরাজ্যে এমপিকে হত্যায় অভিযুক্ত মেয়ার
যুক্তরাজ্যে এমপি জো কক্সকে হত্যার অভিযোগে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া টমাস মেয়ারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাঁকে আজ শনিবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। তিনি এ সময় তাঁর নাম ‘বিশ্বাসঘাতক নিপাত যাক, ব্রিটেন স্বাধীন হোক’ বলে উল্লেখ করেন।
গত বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডের লিডস শহরের কাছে বার্স্টল গ্রামে বিরোধী লেবার পার্টির এমপি জো কক্সকে (৪১) গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয়। সেটাই তাঁর নিজ নির্বাচনী এলাকা। সেদিনই মেয়ারকে হত্যাকাণ্ডস্থলের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বার্স্টল গ্রামের ইয়র্কশায়ার এলাকার বাসিন্দা।
মেয়ারের বিরুদ্ধে শুধু হত্যাকাণ্ডই নয় তাঁর বিরুদ্ধে গুরুতর জখম, শাস্তিযোগ্য অপরাধের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র রাখা ও আক্রমণাত্মক অস্ত্র রাখার অভিযোগ গঠন করা হয়েছে।
আদালতে মেয়ার তাঁর সঠিক নাম প্রকাশ করতে রাজি হননি। এমনকি যখন তাঁর ঠিকানা ও জন্ম তারিখ নিশ্চিত হওয়ার জন্য পড়ে শোনানো হচ্ছিল তখনো তিনি জবাব দেননি।
মেয়ারকে বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামী সোমবার তাঁকে ওল্ড বেইলি আদালতে হাজির করা হবে।
এমপি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা নিক ওয়ালেন এক ব্রিফিংয়ে জানান, মেয়ারের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। মেয়ারের ভাই সান পত্রিকাকে বলেন, তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং একসময় মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে হামলাকারীর সংশ্লিষ্টতা থাকার কথা বলেছে মার্কিন নাগরিক অধিকার সংগঠন ‘দ্য সাউদার্ন পভার্টি ল সেন্টার’। সংগঠনটি বলেছে, তাদের কাছে যেসব তথ্য-প্রমাণ রয়েছে, সে অনুযায়ী এই ইঙ্গিত মেলে, হামলাকারী নব্য-নাৎসি সংগঠন ‘ন্যাশনাল অ্যালায়েন্সের (এনএ)’ দীর্ঘদিনের একনিষ্ঠ সমর্থক ছিলেন।
দ্য গার্ডিয়ান পত্রিকা স্থানীয় পুলিশের বরাতে এর আগেই বলেছে, হামলার সময় আক্রমণকারী ‘ব্রিটেন ফার্স্ট’ বলে চিৎকার করছিলেন। তবে ব্রিটেন ফার্স্ট নামে কট্টর ডানপন্থী দলটি এ হামলার সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করেছে।
যুক্তরাজ্যে শোক: নিহত এমপি জো কক্সের প্রতি শোক জানিয়ে ব্রিটিশ পার্লামেন্ট, লন্ডনে রানি এলিজাবেথের বাসভবন বাকিংহাম প্যালেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের পতাকা অর্ধনমিত রাখা হয়।