যুক্তরাজ্যে ক্যামেরনই রইলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ নম্বর ডাউনিং স্ট্রিটেই থেকে যাচ্ছেন ডেভিড ক্যামেরন ও তাঁর স্ত্রী সামান্থা। ছবিটি আজকের। ছবি: রয়টার্স।
১০ নম্বর ডাউনিং স্ট্রিটেই থেকে যাচ্ছেন ডেভিড ক্যামেরন ও তাঁর স্ত্রী সামান্থা। ছবিটি আজকের। ছবি: রয়টার্স।

যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দল আরও পাঁচ বছরের জন্য দেশ শাসন করার ক্ষমতা পাচ্ছে। সব হিসাব-নিকাশ উল্টে সবাইকে চমক দিয়ে দেশটির সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে দলটি।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সরকার গঠনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন ক্যামেরন। অন্যদিকে এই নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বিরোধী লেবার দলের নেতা এড মিলিব্যান্ড।
সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে কনজারভেটিভ

এখন পর্যন্ত মোট আসনের চার ভাগের তিন ভাগের ফলাফল গণনা করা হয়েছে। এতে কনজারভেটিভ দল ২০৩টি আসনে জয় পেয়েছে।
নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে বিবিসির পূর্বাভাসে জানানো হয়, ৬৫০টি আসনের মধ্যে ৩২৯ টিতে জয় পেতে পারে কনজারভেটিভ দল। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার দল জিততে পারে ২৩৩টি আসনে। এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটস দল আটটি, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৫৬টি, প্লেইড কিমরু তিনটি, ইউকে ইনডিপেনডেন্স পার্টি দুটি, গ্রিন পার্টি একটি ও অন্যান্য দল ১৯টি আসন পেতে পারে।

উইটনিতে ফলাফলের অপেক্ষায় যুক্তরাজ্যের  প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবিটি আজকের। ছবি: রয়টার্স।
উইটনিতে ফলাফলের অপেক্ষায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ছবিটি আজকের। ছবি: রয়টার্স।

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অব কমন্সে’ (প্রতিনিধি সভা) ৬৫০টি আসন। সরকার গঠনে প্রয়োজন ন্যূনতম ৩২৬ আসন।
নির্বাচনে কনজারভেটিভ ও লেবার দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল। কিন্তু ফলাফলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
চূড়ান্ত ফলাফল পাওয়ার আগেই আজ সকালে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী লেবার দলের নেতা এড মিলিব্যান্ড। দলের জন্য গত রাতকে খুবই হতাশাব্যঞ্জক ও কঠিন বলে বর্ণনা করে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী ক্যামেরন সামনের দিনে সরকার গঠনের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১২ টা) ভোট নেওয়া শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত তিনটা)। আজ বিকেলে ভোটের চূড়ান্ত ফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

নিজের আসনে ফলাফলের অপেক্ষায় যুক্তরাজ্যের লেবার দলের নেতা এড মিলিব্যান্ড। ছবিটি আজকের। ছবি: রয়টার্স।
নিজের আসনে ফলাফলের অপেক্ষায় যুক্তরাজ্যের লেবার দলের নেতা এড মিলিব্যান্ড। ছবিটি আজকের। ছবি: রয়টার্স।

এবারের নির্বাচন নিয়ে সবগুলো জরিপেই বলা হয়েছিল, প্রধান দুই দলের কোনোটি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং জোট সরকার গঠিত হতে পারে।

এবার কনজারভেটিভ পার্টি ৬৪৮ আসনে প্রার্থী দেয়। লেবার ও লিবারেল ডেমোক্র্যাটস উভয় পার্টির প্রার্থীসংখ্যা ৬৩১ জন করে। নির্বাচনী সংস্কৃতি অনুযায়ী এই তিন দল স্পিকার জন বার্কোর আসনে প্রার্থী দেয়নি। অভিবাসনবিরোধী ইউকে ইনডিপেনডেন্ট পার্টি (ইউকিপ) ও গ্রিন পার্টির প্রার্থীসংখ্যা যথাক্রমে ৬২৪ ও ৫৭৩। প্রাদেশিক দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) স্কটল্যান্ডে ও প্লেইড কামরি ওয়েলসের আসনগুলোতে লড়াই করেছে।

২০১০ সালের নির্বাচনে কনজারভেটিভ ৩০৭, লেবার ২৫৮ ও লিবারেল ডেমোক্র্যাটস পার্টি ৫৭ আসনে জয়ী হয়েছিল। ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন না পাওয়ায় লিবারেল ডেমোক্র্যাটসদের সঙ্গে জোট বেঁধে কনজারভেটিভ পার্টি যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথম জোট সরকার গঠন করে।