যুক্তরাজ্যে ক্রিকেট দলকে সংবর্ধনা দিতে চান টিউলিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবার দলের নেতা পদপ্রার্থী এন্ডি বার্নহামের সঙ্গে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ছবি: প্রথম আলো
লেবার দলের নেতা পদপ্রার্থী এন্ডি বার্নহামের সঙ্গে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ছবি: প্রথম আলো

অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। একই সঙ্গে সংবর্ধনার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে যুক্তরাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
গতকাল রোববার রাতে পূর্ব লন্ডনের দি হোয়াইট হাউস মিলনায়তনে এক ঈদ উদ্‌যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন টিউলিপ।
বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে টিউলিপ বলেন, ‘আমরা চাই যে, বাংলাদেশ ক্রিকেট টিম এখানে (লন্ডনে) আসুক। আমরা দাওয়াত দিচ্ছি। আমরা তোমাদেরকে রিসেপশন (সংবর্ধনা) দিতে চাই। ইউকেতে আস, আমাদের সাথে দেখা কর, আমরা এভাবেই (ঈদ উদ্‌যাপন অনুষ্ঠান) রিসেপশন দেব।’
‘ঈদ সেলিব্রেশন উইথ টিউলিপ সিদ্দিক এমপি’ শীর্ষক ওই অনুষ্ঠানে হাজারো মানুষ অংশ নেন। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা ও সমর্থনের কথা স্মরণ করে টিউলিপ বলেন, ‘আপনাদের দোয়া ছাড়া আমি এখানে দাঁড়াতে পারতাম না।’
গত মে মাসে অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই নাতনি লেবার দলের এমপি। ওই নির্বাচনে একই দলের বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ও রুপা হকও এমপি নির্বাচিত হন।
ঈদ উদ্‌যাপন অনুষ্ঠানে রুশনারা আলী ও রুপা হককেও শুভেচ্ছা জানান টিউলিপ। তবে তাঁরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। 

পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে রোববার রাতে ঈদ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ছবি: প্রথম আলো
পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে রোববার রাতে ঈদ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। ছবি: প্রথম আলো


টিউলিপ ধন্যবাদ জানান তাঁর মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনাকে। তিনি বলেন, ‘খালা আজকে আসেন নাই, কিন্তু খালাকে ধন্যবাদ জানাচ্ছি। টিভিতে ইনশাল্লাহ নিউজ (খবর) দেখবেন। আম্মুজি, খালা ধন্যবাদ এবং ঈদ মোবারক।’
অনুষ্ঠানে উপস্থিত শেখ রেহানা সবাইকে ধন্যবাদ জানিয়ে মেয়ের জন্য দোয়া চান।
অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বাংলাদেশি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন লেবার দলের এমপি কিথ ভাস, স্টিফেন টিমস ও মার্ক গিবস।
টিউলিপের আমন্ত্রণে অনুষ্ঠানে ছিলেন লেবার দলের নেতা নির্বাচনে প্রার্থী এন্ডি বার্নহাম এবং লন্ডন মেয়র নির্বাচনে লেবার দলের মনোনয়নপ্রত্যাশী সাদিক খান। এই দুই প্রার্থীকে সমর্থন দিতে বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান টিউলিপ।
এন্ডি বার্নহাম তাঁর বক্তৃতায় টিউলিপকে একজন ‘উদীয়মান তারকা’ (রাইজিং স্টার) হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, টিউলিপ অসাধারণ মেধাবী।
‘যুগ যুগ’ ধরে লেবার দলকে সমর্থন দেওয়ায় বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান বার্নহাম। লেবার নেতা নির্বাচনে বাংলাদেশি সম্প্রদায়ের সমর্থন চান তিনি।
অনুষ্ঠানে লন্ডনের মেয়র পদে নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে বাঙালি ভোটারদের সমর্থন চান সাদিক খান। 

উর্মি মাজহারের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি শিল্পীরা নাচ-গান পরিবেশন করেন।