মহাত্মা গান্ধীর প্রতি সম্মান জানিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে তাঁর ভাস্কর্য স্থাপন করতে যাচ্ছে ওই দেশের সরকার। গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী জর্জ অসেবার্ন এ কথা জানান। অথচ গান্ধীই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ব্রিটিশদের হাতে বারবার কারাবরণ করেছিলেন। বর্তমানে অসবর্ন নয়াদিল্লি সফরে আছেন। তিনি এক টুইটার বার্তায় লেখেন, গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পার্লামেন্ট স্কয়ারে ভাস্কর্য স্থাপন করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভাস্কর্যের পাশেই স্থান হবে গান্ধীর।এএফপি
তাপস হাসপাতালে!
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত লোকসভার সদস্য তাপস পাল হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রোববার রাতেই তাঁকে ভর্তি করা হয় কলকাতার দামি হাসপাতাল বেলভিউতে। চিকিৎসকেরা বলেছেন, পেট ও পিঠে প্রচণ্ড ব্যথা ও জ্বর নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আপাতত তাঁকে এই হাসপাতালেই বিশ্রামে থাকতে বলা হয়েছে। সিপিএমের নারীদের নিয়ে বেঁফাস মন্তব্য করার পর লোকসভায় তাপস পালের সদস্যপদ বাতিলের দাবি ওঠে। ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়।
কলকাতা প্রতিনিধি