যুক্তরাজ্যে গুরুত্ব হারিয়েছে মানবাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে মানবাধিকার রক্ষার বিষয়টি আগের মতো গুরুত্ব পাচ্ছে না উল্লেখ করে এর কড়া সমালোচনা করেছে দেশটির পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটি। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর (ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস বা এফসিও) মানবাধিকার রক্ষায় বিশ্বের দেশে দেশে যে বলিষ্ঠ ভূমিকা পালন করত তা অনেকটা দমে গেছে বলে মনে করে এই কমিটি।
মঙ্গলবার পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার রক্ষার কাজে অর্থ বরাদ্দের পরিমাণ দ্বিগুণ করে প্রায় ১১ মিলিয়ন পাউন্ড করা হলেও পররাষ্ট্র দপ্তর মানবাধিকারের প্রতি নজর কমিয়ে দিয়েছে। তারা উন্নয়ন ও নিরাপত্তার মতো বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে। মানবাধিকার নিয়ে উদ্বেগ রয়েছে—এমন দেশের তালিকায় চীন, মিসর ও সৌদি আরবের মতো দেশকে যুক্ত না করার ঘটনা অন্তত তা-ই প্রমাণ করে বলে মনে করে কমিটি।
সামনের দিনগুলোতে পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার-সংশ্লিষ্ট কাজে গভীর নজর রাখা হবে এবং সময়-সময় এর কাজের মূল্যায়ন করা হবে বলে সতর্ক করে দিয়েছে কমিটি। গণতন্ত্রবিষয়ক কাজের ওপর আলাদা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্যও পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির প্রধান ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি ক্রিসপিন ব্লান্ট বলেন, ‘মন্ত্রীদের শব্দচয়ন এবং ভূমিকা পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার রক্ষার চমৎকার ঐতিহ্যকে হেয় করেছে। এর প্রতিকার করা প্রয়োজন।’
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, মানবাধিকার রক্ষার কাজটিকে কমিটি যেভাবে উপস্থাপন করেছে, তার সঙ্গে তিনি একমত নন।