যুক্তরাজ্যে চার দিনব্যাপী উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানি দ্বিতীয় এলিজাবেথের (৮৬) সিংহাসনে আরোহণের হীরকজয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্যে গতকাল শনিবার চার দিনব্যাপী উৎসব শুরু হয়েছে। বর্ণিল সাজ আর নানা অনুষ্ঠানে লন্ডন পরিণত হয়েছে এক উৎসবের নগরে।রানির সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে এই উৎসব নিয়ে এখন মাতোয়ারা পুরো যুক্তরাজ্য। অনুষ্ঠান নিয়ে জনতার মধ্যে উৎসাহের কমতি ছিল না। লাখো জনতা গতকাল জড়ো হয় সারে কাউন্টিতে ঐতিহাসিক এপসম ডার্বি ময়দানে।রানি এপসম ডার্বি ময়দানে আসেন একটি খোলা মোটরগাড়িতে করে। গ্রিনিচমান সময় গতকাল দুপুর ১২টায় তিনি চার দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেশব্যাপী গর্জে ওঠে ‘গান স্যালুট’। ৬০ বছর আগে ঠিক এই সময়েই রানি সিংহাসনে আরোহণ করেছিলেন। এপসম ডার্বি ময়দানে লাখো জনতার সঙ্গে রানি ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। রানিকে অভ্যর্থনা জানাতে সেখানে ‘রেড অ্যারো’ বিমানমহড়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ক্যাথেরিন জেঙ্কিনস।এর আগে প্রস্তুতি হিসেবে গত শুক্রবার সকাল থেকেই মধ্য লন্ডনের সব কটি পথ বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনী ও হাউজহোল্ড ডিভিশনের দুই হাজার সদস্য এদিন ঘোড়াটানা গাড়ির এক বিশাল মহড়ায় অংশ নেন। ঘোড়ার গাড়ির মিছিল ওয়েস্টমিনস্টার হল থেকে বের হয়ে বাকিংহাম প্যালেসে গিয়ে শেষ হয়।রানির হীরকজয়ন্তী উৎসব নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে ফলাও করে খবর প্রচার করা হয়। গতকাল দেশটির সর্বাধিক প্রচারিত সংবাদপত্র দ্য সান-এর শিরোনাম ছিল, ‘আপনি নিত্য ঘুম থেকে ওঠেন এমন সকাল এটা নয়। এই সকালটার ব্যাপারে ইতিহাসের পাতায় লেখা হবে। সারা জীবনে একটিবার মাত্র পাওয়া এই উপলক্ষকে সর্বোত্তমভাবে উপভোগ করেন। এ রকম আরেকটি সময় আসতে বহু বছর লেগে যাবে।’উৎসব উপলক্ষে এরই মধ্যে রাজধানী লন্ডনকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পুরো শহর ভরে গেছে ব্যানার, ফেস্টুন ও পতাকায়। সেখানে গুণকীর্তন করা হয়েছে ব্রিটিশ রাজপরিবারের। সম্প্রতি পরিচালিত একটি জরিপ বলছে, রাজতন্ত্র অব্যাহত রাখার বিষয়টি ৮০ ভাগ ব্রিটিশ এখনো সমর্থন করে।বাকি তিন দিনের অনুষ্ঠানমালা: আজ রোববার লন্ডনের টেমস নদীতে এক হাজার নৌকার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রানি একটি বিশেষ রাজকীয় নৌকায় চড়ে এতে অংশ নেবেন। এ ছাড়া দেশব্যাপী হাজারো অনুষ্ঠানের (স্ট্রিট পার্টি) পরিকল্পনা করেছেন, যদিও আবহাওয়াবিদেরা সারা দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন। আগামীকাল সোমবার বাকিংহাম প্রাসাদের সামনে নামীদামি শিল্পীদের অংশগ্রহণে এক সংগীতানুষ্ঠান ও বিরাট এক বনভোজনের আয়োজন করা হবে। সংগীতানুষ্ঠানে ডেম শিরলি ব্যাসি, এলটন জন, জেসি জে, জেএএস ও এড শিরান উপস্থিত থাকবেন।মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট পল ক্যাথেড্রালে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রানি। ধারণা করা হচ্ছে, রানির দেখা পেতে সেখানে হাজারো শুভাকাঙ্ক্ষী হাজির হবেন। রাজপরিবারের সদস্যদেরও দেখা মিলবে ব্যালকনিতে। এ ছাড়া দেশজুড়ে থাকছে আরও ছোট-বড় হরেক রকমের অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে সোম ও মঙ্গলবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।রানির প্রতি প্রশংসায় পঞ্চমুখ দেশটির রাজনীতিকেরা। প্রধানমন্ত্রী ক্যামেরন এক ভিডিওবার্তায় বলেছেন, ‘আমার মতে, এটা বিরাট গুরুত্বপূর্ণ। গত ৬০ বছরে রানি এক অবিশ্বাস্য সেবা দিয়েছেন। তিনি একটিবারের জন্য ভুল পথে পা দেননি।’ লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বলেছেন ‘দেশের জন্য যা কিছু কল্যাণকর’ তা উদ্যাপিত হচ্ছে। তিনি রানির নিঃস্বার্থ কর্তব্যপরায়ণতার প্রশংসা করেন। এএফপি ও বিবিসি।