যুক্তরাজ্যে চার সাংবাদিক গ্রেপ্তার
টেলিফোনে আড়ি পাতার অভিযোগে যুক্তরাজ্যের পুলিশ গত বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকের সম্পাদক, সহকারী সম্পাদক ও অপর দুই সাবেক সম্পাদককে গ্রেপ্তার করেছে। চারজনই মিরর গ্রুপের পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। স্কটল্যান্ড ইয়ার্ড বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, মিরর গ্রুপের ওই পত্রিকাটি সাধারণ গ্রাহকের মোবাইল ফোনের ভয়েস এসএমএস চুরি করে খবর প্রকাশের ঘটনার অভিযোগের সঙ্গে জড়িত। ঘটনাগুলো ঘটেছে ২০০৩-০৪ সালের মধ্যে। পুলিশ এই সময়কে ভিত্তি করেই তদন্তকাজ চালায়।গ্রেপ্তার ব্যক্তিদের লন্ডনের বিভিন্ন পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চারজনের মধ্যে ট্যাবলয়েড পত্রিকা সানডে মিরর-এর সাবেক সম্পাদক টিনা ওয়েভার ও বর্তমানে পিপল পত্রিকার সম্পাদক জেমস স্কটকে আটক করা হলেও পরে তাঁদের জামিনে ছেড়ে দেওয়া হয়।লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগামী এপ্রিলের কোনো এক সময়ে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করা হবে।মিডিয়া-টাইকুন হিসেবে পরিচিত রুপার্ট মারডকের মালিকানাধীন সংবাদপত্রের বাইরে যুক্তরাজ্যে এই প্রথম কোনো সাংবাদিককে এ ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হলো। এই গ্রেপ্তারের ঘটনাটি এমন সময় ঘটল, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংবাদপত্র নিয়ন্ত্রণ নীতিমালা সংস্কার নিয়ে একটি আন্তদলীয় আলোচনা ভেঙে দিয়েছেন। এএফপি।