যুক্তরাজ্যে ছায়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন টিউলিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিউলিপ রেজওয়ানা সিদ্দিক
টিউলিপ রেজওয়ানা সিদ্দিক

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় (শ্যাডো কেবিনেট) শিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লেবার দলের শিক্ষাবিষয়ক ছায়ামন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার গতকাল রোববার এই নিয়োগের কথা ঘোষণা দেন। টিউলিপ শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রণালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে দায়িত্ব পালন করবেন।

শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির বড় মেয়ে টিউলিপ ২০১৫ সালে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার দলের এমপি নির্বাচিত হন। দলীয় এমপিদের বিদ্রোহের কারণে সম্প্রতি নতুন করে নেতৃত্বে টিকে থাকার লড়াইয়ে নামতে হয় লেবার নেতা জেরেমি করবিনকে। তৃণমূলের ব্যাপক সমর্থন নিয়ে পুনরায় নেতৃত্বে ফেরা করবিন তাঁর নতুন ছায়া মন্ত্রিপরিষদ গঠন করেন। যেখানে প্রথমবারের মতো কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন টিউলিপ।

ছায়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বিষয়টি নিজের টুইটারে জানিয়ে টিউলিপ বলেন, ‘ছায়া মন্ত্রিপরিষদে অ্যাঞ্জেলা রেইনারের নেতৃত্বে শিক্ষাবিষয়ক টিমে যোগদান করতে পেরে আনন্দিত। শিক্ষাবিষয়ক কার্যক্রমে সরকারকে জবাবদিহি করতে আমরা লড়াই করে যাব।’

যুক্তরাজ্যে সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী সরকারকে জবাবদিহি করার জন্য সরকারের বিপরীতে বিরোধী দলও একটি মন্ত্রিসভা গঠন করে। এটিকে বলা হয় ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রীদের কাজ হলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সিদ্ধান্ত ও কার্যক্রমের পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও ভুলত্রুটি তুলে ধরে চ্যালেঞ্জ করা। সেই সঙ্গে নিজ দলের পক্ষে বিকল্প প্রস্তাব উপস্থাপন করা। এই ছায়া মন্ত্রিসভাকে বলা যেতে পারে বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার প্রাক-প্রস্তুতি। দল ক্ষমতায় গেলে ছায়া মন্ত্রীর দায়িত্ব পালনকারীরাই মন্ত্রিত্বের জন্য অগ্রাধিকার পান। যে কারণে ছায়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ ব্রিটিশ রাজনীতিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন।

যুক্তরাজ্য সরকারের দপ্তরগুলোতে একজন মন্ত্রীর অধীনে সাধারণত চারজন করে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। একইভাবে ছায়া মন্ত্রিসভায়ও একজন ছায়া মন্ত্রীর অধীনে চারজন করে ছায়া প্রতিমন্ত্রী রাখা হয়।

প্রধানমন্ত্রীর অভিনন্দন: বাসস জানায়, যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার সদস্য হওয়ায় টিউলিপকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তাঁর ভাগনি টিউলিপের সাফল্য কামনা করেন।