যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট

যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট
অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হয়। দেশটির পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট ৬৫০ আসনের মধ্যে ৬৪৭ আসনের ফলাফল পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৬ আসন। লেবার পার্টি পেয়েছে ২৬১ আসন। এসএনপি ৩৫ আসন। লিব ডেম পেয়েছে ১২ আসন। গ্রিন পার্টি পেয়েছ ১ আসন। অন্যান্য দল পেয়েছে ২২ আসন।
ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বিরোধী দল লেবার পার্টি গত নির্বাচনের চেয়ে এবার বেশি আসন পেলেও তারা একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে আছে।
নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি হয়েছে। ঝুলন্ত পার্লামেন্ট হওয়ায় এখন সরকার গঠনে জোট করতে হবে।
হাউস অব কমনসে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের এককভাবে ৩২৬ আসন পেতে হয়।
২০১৫ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ৩৩০টি আসন পেয়ে এককভাবে ক্ষমতায় আসে। আর বিরোধী দল লেবার পার্টি পেয়েছিল ২২৯টি আসন।
২০১৬ সালের জুনে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকা নিয়ে গণভোট হয়। এতে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউতে থাকার পক্ষে ছিলেন। জনগণ বিচ্ছেদের পক্ষে রায় দিলে ক্যামেরন পরাজয় মেনে পদত্যাগ করেন। পরে থেরেসা মে প্রধানমন্ত্রী হন। থেরেসা মে তাঁর ক্ষমতা নিরঙ্কুশ করতে মধ্যবর্তী নির্বাচন দেন।
আরও পড়ুন...
যুক্তরাজ্যে ঝুলন্ত পার্লামেন্ট!