যুক্তরাজ্যে ঝড় বন্যা, ৮০ হাজার বাড়ি বিদ্যুৎহীন
যুক্তরাজ্যে ঝড়ে উপড়ে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল অন্তত ৮০ হাজার ঘরবাড়ির। উপকূলীয় অঞ্চলে বন্যায় অসংখ্য মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। ২৫০ বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে আর্দ্র শীতকাল চলছে।
আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বাতাসে গত বুধবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ওয়েলস। সেখানে বহু গাছপালা উপড়ে পড়ে। অন্তত দেড় লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। রাতভর চেষ্টায় ৭০ হাজার বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া সম্ভব হয়।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড ও ওয়েলসে ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছিল। টেমস নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টেমসের পানি ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে ‘সর্বোচ্চ লাল সতর্কতা’ দেখিয়ে যেতে বলা হয়েছে। পশ্চিম ওয়েলস ও উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কোথাও কোথাও প্রবল ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এএফপি।