যুক্তরাজ্যে টিউলিপ-রূপার চ্যালেঞ্জ!

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মে। এবারের নির্বাচনে লন্ডনের আলোচিত দুটি আসনে লেবার পার্টির হয়ে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা হক।
রূপা হকের আসনে গতবার কনজারভেটিভ দলের কাছে হেরে যায় লেবার পার্টি। হারানো এই আসনটি এবার লেবার পার্টির অন্যতম ‘টার্গেট সিট’। আর টিউলিপের চ্যালেঞ্জ গত ২৩ বছর লেবারের দখলে থাকা আসনটি এবারও ধরে রাখা। আসনটি এবার কনজারভেটিভ দলের প্রধান ‘টার্গেট সিট’।
হ্যাম্পস্ট্যাড অ্যান্ড কিল বার্ন আসনে প্রার্থী হয়েছেন টিউলিপ। রূপা হক লড়ছেন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে। লন্ডনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ১০টি আসনের মধ্যে শীর্ষেই আছে হ্যাম্পস্ট্যাড অ্যান্ড কিল বার্ন। আর দ্বিতীয় স্থানে আছে রূপার আসনটি। ফলে আসন দুটির প্রতি গণমাধ্যমসহ সংশ্লিষ্টদের দৃষ্টি যেমন আছে, তেমনি প্রার্থীদের চ্যালেঞ্জটাও একটু অন্যরকম।
অস্কার বিজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন হ্যাম্পস্ট্যাড অ্যান্ড কিল বার্ন আসনে ২৩ বছর লেবার দলের এমপি ছিলেন। গত নির্বাচনে তিনি মাত্র ৪২ ভোটে জয়লাভ করেন। শতাংশের হিসাবে এ আসনে প্রধান তিনটি দলের প্রাপ্ত ভোটের হার ছিল লেবার ৩২ দশমিক ৮, কনজারভেটিভ ৩২ দশমিক ৭ এবং লিবারেল ডেমোক্র্যাট ৩১ দশমিক ২ শতাংশ। এ কারণে আসনটিকে বলা হচ্ছে ‘থ্রি ওয়ে মার্জিনাল’ বা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গ্লেন্ডা জ্যাকসন অবসর নেওয়ার ঘোষণা দিলে স্থানীয় সদস্যদের ভোটে এ আসনে এমপি পদে দলের মনোনয়ন পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ। একদিকে গ্লেন্ডা জ্যাকসনের মতো বিখ্যাত ব্যক্তিত্বের স্থলাভিষিক্ত হওয়া, অপরদিকে দলের দীর্ঘদিনের আসনটি ধরে রাখার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে আছেন টিউলিপ।
প্রথমবার নির্বাচন করতে নেমে গুরুত্বপূর্ণ এই আসনে প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জটা কেমন-প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ মোবাইলে বলেন, ‘এটা খুবই চ্যালেঞ্জিং। গ্লেন্ডা অনেক বিখ্যাত এবং পরিচিত একজন ব্যক্তি। সেই তুলনায় আমি একেবারেই নতুন’। গ্লেন্ডারের মতো হওয়া তাঁর পক্ষে সম্ভব নয় মন্তব্য করে টিউলিপ জানান, গ্লেন্ডার চাইতে ভিন্ন ধাঁচের এমপি হতে চান তিনি। কারণ গ্লেন্ডা তাঁর নির্বাচনী এলাকায় বসবাস করতেন না। কিন্তু টিউলিপ ১৫ বছর বয়স থেকে হ্যাম্পস্ট্যাড অ্যান্ড কিল বার্নে বসবাস করছেন। এই এলাকায় স্কুলে পড়েছেন ও কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন জানিয়ে টিউলিপ বলেন, স্থানীয় জ্ঞান, মানুষের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্বকে কাজে লাগিয়ে তিনি চ্যালেঞ্জ মোকাবিলা করে যাচ্ছেন।
গ্লেন্ডা জ্যাকসনের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন উল্লেখ করে টিউলিপ আরও বলেন, স্থানীয় সম্প্রদায়গুলোর ইতিবাচক সাড়া এবং সবার সহযোগিতা তাঁকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী করে তুলেছে। এই আসনে টিউলিপের সঙ্গে লড়বেন কনজারভেটিভ দলের সয়মন মার্কাস ও লিবারেল ডেমোক্র্যাট দলের মাজিদ নাওয়াজ।
লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটনে গতবার তিন হাজার ৭১৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয় কনজারভেটিভ দলীয় প্রার্থী এঞ্জি ব্রে। কনজারভেটিভ দলের বাজেট কর্তনের কারণে এই এলাকার চারটি স্বাস্থ্যকেন্দ্র (জিপি সার্জারি) বন্ধ হয়ে যায়। এ কারণে জনমনে সৃষ্ট ক্ষোভকে কাজে লাগিয়ে আসনটি এবার দখলে নিতে চায় লেবার পার্টি। এই লড়াইয়ে লেবার দলের প্রতিনিধিত্ব করছেন কিংস্টন ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। তিনি মোবাইলে প্রথম আলোকে বলেন, দলের প্রধান ‘টার্গেট সিটে’ প্রতিদ্বন্দ্বিতা করার বাড়তি চাপ আছে। আসনটি ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করছেন জানিয়ে রূপা বলেন, ‘একে একে চারটি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধের কারণে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এ সমস্যা সমাধানে মানুষের আস্থা অর্জনটাই বড় চ্যালেঞ্জ।’ এঞ্জি ব্রে এবারও আসনটিতে কনজারভেটিভ দলের প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট দল থেকে লড়ছেন কাউন্সিলর জনবল।