আল-কায়েদার বোমা হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার দায়ে যুক্তরাজ্যে তিন মুসলিম নাগরিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন ইরফান নাসির, ইরফান খালিদ ও আশিক আলী। তাঁদের সবার বাড়ি যুক্তরাজ্যের মধ্য বার্মিংহামে। আদালত ষড়যন্ত্রের হোতা নাসিরকে যাবজ্জীবন, তাঁর সহযোগী খালিদকে ১৮ বছর এবং হামলার অন্যতম ষড়যন্ত্রকারী আশিককে ১৫ বছরের কারাদণ্ড দেন। তাঁদের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে ইসলামি চরমপন্থীদের দিয়ে আটটি জনসমাগমস্থলে বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক রিচার্ড হেনরিকস বলেন, ‘আপনারা আল-কায়েদার মদদে হামলার ষড়যন্ত্র করেছেন এবং আল-কায়েদার আরও পরিকল্পনা বাস্তবায়নের জন্য চিন্তাভাবনা করেছেন।’ তিনি আরও জানান, নাসির ও খালেদ পৃথকভাবে পাকিস্তানে সন্ত্রাসী প্রশিক্ষণ নিয়েছেন। এএফপি।