যুক্তরাজ্যে দাসপ্রথার শিকার প্রায় ১৩ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবী থেকে দাস প্রথা উঠে গেছে অনেক আগেই। তবে বিশ্বের অন্যতম উন্নত ও আধুনিক দেশ যুক্তরাজ্যে বর্তমানে ক্রীতদাসের মতো জীবনযাপন করা মানুষের সংখ্যা প্রায় ১৩ হাজার।

গতকাল শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মন্ত্রণালয় বলছে, সংখ্যাটি রীতিমতো কল্পনার বাইরে।

গত বছর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মানবপাচার কেন্দ্র জানিয়েছিল, যুক্তরাজ্যে দাস ব্যবস্থার শিকার মানুষের সংখ্যা দুই হাজার ৭৪৪ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ক্রীতদাসে পরিণত হওয়া মানুষের বেশির ভাগই নারী। তাঁদের যৌনকর্ম, গৃহস্থালির কাজ, কারখানার ভারী কাজ এমনকি মাছ ধরা ও জমিতে কাজ করতে বাধ্য করা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, দাস হিসেবে ব্যবহারের জন্য বিশ্বের প্রায় শতাধিক দেশ থেকে মানুষ পাচার করে যুক্তরাজ্যে আনা হয়। সবচেয়ে বেশি পাচার হয় আলবেনিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম ও রোমানিয়া থেকে। এ ছাড়া যুক্তরাজ্যে জন্ম নেওয়া শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও আধুনিক এ দাসপ্রথার শিকার।

আধুনিক এ দাসপ্রথা ঠেকাতে সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু কৌশল অবলম্বন করছে। এর একটি হলো ইংল্যান্ড ও ওয়েলসের পার্লামেন্টে ‘মডার্ন স্লেভারি বিল’ পাসের উদ্যোগ। এর মধ্য দিয়ে মানব পাচারের শিকার ও নিজের ইচ্ছার বিরুদ্ধে দাসে পরিণত হওয়া এসব মানুষকে রক্ষার চেষ্টা করা হবে। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডও একই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।