যুক্তরাজ্যে দ্বন্দ্বের জেরে ভেঙে যেতে পারে জোট সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের আর্থিক-সংকট নিরসনে নতুন চুক্তি নিয়ে মতভেদের জের ধরে ভেঙে যেতে পারে যুক্তরাজ্যের জোট সরকার। নিজ দেশের স্বার্থবিরোধী হবে—এই বিবেচনায় চুক্তিতে সম্মতি দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাজ্য।প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সমর্থন করতে পারছে না জোট সরকারের অপর শরিক দল লিবারেল ডেমোক্র্যাট পার্টি। এই দলের নেতা ও উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে জোট সরকার ভেঙেও যেতে পারে বলে ভাবতে শুরু করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।গত সপ্তাহে ব্রাসেলস সম্মেলনে সংকট নিরসনে ইইউ ২৭টি সদস্যের মধ্যে ২৬টি দেশ নতুন চুক্তিতে সম্মত হলেও এতে সায় দেননি ক্যামেরন। তাঁর ওই পদক্ষেপের কড়া সমালোচনা চলছে ইউরোপজুড়ে। নিজের দেশের রাজনৈতিক সহকর্মী, সংবাদমাধ্যমও ক্যামেরনের সমালোচনায় মুখর।প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা হিসেবে এড মিলিবান্ডের প্রধানমন্ত্রীর সমালোচনা করাটা স্বাভাবিক। কিন্তু জোট সরকার গঠনের কাণ্ডারি লিবারেল ডেমোক্র্যাট নেতা নিক ক্লেগ ক্যামেরনের সমালোচনায় মুখর হওয়ায় হঠাৎ করে বদলে যেতে শুরু করেছে যুক্তরাজ্যের বর্তমান রাজনীতির হিসাব-নিকাশ।কয়েক দিন আগে বিবিসি-১ টেলিভিশনে অ্যান্ড্রু মারের টকশোতে ক্যামেরনের পদক্ষেপ নিয়ে খোলাখুলি কথা বলেন নিক ক্লেগ। তিনি বলেন, ‘আমরা খুবই হতাশ, ইইউ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া যুক্তরাজ্যের জন্য কখনোই ভালো হবে না। ব্রাসেলস সম্মেলনে ক্যামেরনের পদক্ষেপ একবারেই অনাকাঙ্ক্ষিত।’এদিকে নিক ক্লেগের বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধীদলীয় নেতা এড মিলিবান্ড বলেছেন, ইউরোপের সংকট নিরসনে প্রধানমন্ত্রীর ভেটো দেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি সমঝোতা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।