যুক্তরাজ্যে দ্বিতীয় গণভোটের আবেদন নাকচ
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকার প্রশ্নে দ্বিতীয়বার গণভোট আয়োজনের আবেদন আজ শনিবার আনুষ্ঠানিকভাবে নাকচ করে দিয়েছে দেশটির সরকার। ৪০ লাখের বেশি মানুষের স্বাক্ষরসংবলিত ওই আবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল।
ওই আবেদনে সরকারের প্রতি বলা হয়, ‘কোনো বিষয়ে ভোট হলে ৭৫ শতাংশ ভোটার উপস্থিতি থাকতে হবে এবং এর মধ্যে পক্ষে বা বিপক্ষে ৬০ শতাংশের কম ভোট পড়লে আবার ভোটের আয়োজন করতে হবে—এমন একটি বিধি করার আহ্বান জানাচ্ছি।’
দ্বিতীয় গণভোট আয়োজনের আবেদন নাকচ করে দিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, পার্লামেন্টে যখন ‘ইইউ রেফারেনডাম অ্যাক্ট’ পাস হয়, তখন ন্যূনতম ভোটার উপস্থিতির বাধ্যবাধকতা রাখা হয়নি।
গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন যুক্তরাজ্যবাসী। গণভোটে মোট ৭২ শতাংশ ভোট পড়ে। এর মধ্যে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট পড়ে ৫২ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়ে ৪৮ শতাংশ।
গণভোটের পর ২৭ জুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, ব্রিটিশ ইতিহাসে এটি (গণভোট) সবচেয়ে বড় ধরনের গণতান্ত্রিক চর্চার একটি উদাহরণ। যেখানে ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ ভোট দিয়েছেন। এই সিদ্ধান্তকে (গণভোটের রায়) অবশ্যই সম্মান দেখাতে হবে।