যুক্তরাজ্যে নির্বাচন-পূর্ব টিভি বিতর্ক নিয়ে ঐকমত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজনে বেশ পরিবর্তন এনে অবশেষে নির্বাচন-পূর্ব টিভি বিতর্ক নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন যুক্তরাজ্যের রাজনৈতিক নেতারা ও আয়োজক চ্যানেলগুলো। এর মাধ্যমে টিভি বিতর্ক নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটলেও সমালোচনা পিছু ছাড়ছে না প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের।

অভিযোগ উঠেছে, প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে ‘হেড টু হেড’ বিতর্কের প্রস্তাবটি পরিবর্তনে চ্যানেলগুলোকে বাধ্য করা হয়েছে। সেই সঙ্গে অপর একটি বিতর্কে ক্যামেরন অংশ নেবেন না বলে লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) দলের নেতা উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের আমন্ত্রণও প্রত্যাহার করানো হয়েছে। বিতর্কের মূল আকর্ষণ ডেভিড ক্যামেরন ও এড মিলিব্যান্ডের মধ্যে কাঙ্ক্ষিত সেই বিতর্ক হচ্ছে না।

আগামী ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক নেতাদের টেলিভিশনে সরাসরি বিতর্কের আমন্ত্রণ জানানো হয়। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুই দফায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত টিভি চ্যানেলগুলো ক্যামেরনের চেয়ার খালি রেখে বিতর্ক আয়োজনের ঘোষণা দিলে কনজারভেটিভ শিবির থেকে সমঝোতার তোড়জোড় শুরু হয়। বিরোধী পক্ষগুলো বলছে, সমঝোতায় ক্ষমতাসীনদের প্রভাব স্পষ্ট।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আসছে বৃহস্পতিবার (২৬ মার্চ) ডেভিড ক্যামেরন ও এড মিলিব্যান্ডের সাক্ষাৎকার প্রচার করবে চ্যানেল ফোর ও স্কাই নিউজ। কিন্তু তাঁরা আলাদাভাবে এই সাক্ষাৎকার অনুষ্ঠানে হাজির হবেন।
২ এপ্রিল কনজারভেটিভ, লেবার, লিবারেল ডেমোক্র্যাট, ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টি (ইউকিপ), গ্রিন পার্টি, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ও ওয়েলস ন্যাশনালিস্টস প্লেইড কিমরু এই সাত দলের নেতার বিতর্ক প্রচার করবে আইটিভি। ওই সাত দলের মধ্যে ক্ষমতাসীন দুই দল কনজারভেটিভ ও লিবডেম ছাড়া বাকি পাঁচ দলের নেতারা ১৬ এপ্রিল অপর এক বিতর্কে অংশ নেবেন। ওই বিতর্কটি সম্প্রচার করবে বিবিসি। এরপর নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে ৩০ এপ্রিল ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ও বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ড বিবিসির ‘কোয়েশ্চন টাইম’ নামের একটি অনুষ্ঠানে অংশ নেবেন। তবে তাঁরা একে অপরের মুখোমুখি হবেন না। আলাদাভাবে অনুষ্ঠানে হাজির হয়ে তাঁরা দর্শকদের প্রশ্নের জবাব দেবেন।

বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ড বলেছেন, ‘ডেভিড ক্যামেরন একই দিন একই অনুষ্ঠানে একই দর্শকদের মুখোমুখি হবেন, অথচ তিনি আমার সঙ্গে সরাসরি বিতর্কে অংশ নিতে রাজি নন। কারণ, তিনি সরাসরি বিতর্কে ভয় পাচ্ছেন।’ ক্ষুব্ধ মিলিব্যান্ড এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, লেবার দল বিজয়ী হলে নির্বাচন-পূর্ব টিভি বিতর্কের বিষয়টি তিনি আইনে পরিণত করবেন। লিবারেল ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে বলা হয়েছে, নিক ক্লেগ যেকোনো বিতর্কে অংশ নিতে প্রস্তুত। এটা ভোটারদের অধিকার। কিন্তু টিভি চ্যানেলগুলো কী কারণে ১৬ এপ্রিলের বিতর্ক থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিল তা রহস্যজনক।

তবে বিতর্কের এই আয়োজনে বেশ সন্তুষ্ট কনজারভেটিভ দল। দলটির কো-চেয়ার গ্রান্ট শ্যাপস বলেন, খানিকটা ভিন্ন ধাঁচে এই বিতর্ক আয়োজনের ফলে ভোটাররা প্রার্থীদের কাছ থেকে আরও বেশি জানার সুযোগ পাবেন।
২০১০ সালে দেশটিতে প্রথমবারের মতো নির্বাচন-পূর্ব টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়। ওই বিতর্কে ক্যামেরন ভালো করতে না পারায় ভোটের বাক্সে মাশুল গুনতে হয়েছিল বলে মনে করে কনজারভেটিভ দল।
আগামী ৭ মে যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ চলতি সংসদ ভেঙে দেওয়ার পর ৯ এপ্রিলের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপর শুরু হবে নির্বাচনী মূল প্রচারণার পর্ব।