যুক্তরাজ্যে নির্বাচনী প্রচারে 'ব্যাটল বাস'

যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলো যতটা না প্রতীক দিয়ে পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত রং দিয়ে। এবার নিজস্ব সেই রং দিয়ে দলগুলো নির্বাচনী প্রচারে নামিয়েছে বিশেষ বাস। বাসের গায়ে লেপটে দেওয়া রং আর দলীয় স্লোগানই বলে দিচ্ছে সবকিছু। এসব বাসে চড়ে রাজনৈতিক দলগুলোর নেতারা চষে বেড়াবেন বাকি দিনগুলো।
৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। এই দিন থেকে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। ওই দিন কনজারভেটিভ, লেবার এবং লিবারেল ডেমোক্র্যাট দল বিশেষ বাস উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করে। এগুলোকে বলা হচ্ছে ‘ব্যাটল বাস’।
কনজারভেটিভের দলীয় রং নীল। রাজনীতিতে নীল রং রক্ষণশীলতা, পুরুষত্ব এবং রাজতন্ত্রের প্রতি আনুগত্যশীলতার পরিচায়ক। এই দলের বিশাল আকৃতির বাসটিও নীল রঙে ঢাকা। যার মধ্যে ঝাপসা করে ভাসছে যুক্তরাজ্যের পতাকা। বাসের গায়ে লেখা কনজারভেটিভ দলের স্লোগান ‘পরিবর্তনের জন্য ভোট দিন’।

লেবার দলের রং লাল। এই রং সামাজিক গণতন্ত্র কিংবা গণতান্ত্রিক সমাজতন্ত্রকে নির্দেশ করে। যারা গণতান্ত্রিক মতাদর্শের পাশাপাশি সমাজতান্ত্রিক অর্থনৈতিক উপাদানে বিশ্বাস করে।
লেবার দলের ছাই রঙে ঢাকা বাসটিতে দলীয় প্রতীক গোলাপ ফুলটি আঁকা হয়েছে লাল রঙে। লাল গোলাপের পাপড়িতে যুক্তরাজ্যের পতাকাও দৃশ্যমান। বাসের গায়ে দলীয় স্লোগান ‘ভালো পরিকল্পনা, ভালো ভবিষ্যৎ’ লেখা। নারী ভোটারদের আকৃষ্ট করতে লেবার দল ‘পিংক’ রঙের মাইক্রোবাসও নামিয়েছে।
অন্যদিকে তৃতীয় বৃহত্তম দল লিবারেল ডেমোক্র্যাটদের রং হলুদ। এই রং রাজনীতিতে উদারনৈতিক মতাদর্শের পরিচায়ক। এরা ব্যক্তিস্বাধীনতা ও সমতায় বিশ্বাসী। লিবারেল ডেমোক্র্যাট দলের বাসটিই সম্ভবত সবচেয়ে বড়। শুধু বাইরে নয়, বাসটির ভেতরেও হলুদ রঙে রাঙানো। তারা স্লোগান লিখেছে ‘শক্তিশালী অর্থনীতি, ন্যায় সংগত সমাজ, সবার জন্য সুযোগ’।

প্রতিটি বাসের পেছনের দিকে দলীয় নেতাদের জন্য রয়েছে ‘বোর্ড রুম’ স্টাইলের বিশেষ কক্ষ। সামনের দিকে গণমাধ্যমকর্মীদের জন্য বসার আসন। আছে হালকা খাবার আয়োজনে ছোট্ট কিচেন। রাস্তায় চলার সময় এই বাসগুলোই বলে দিচ্ছে দলের সব খবরা-খবর।
প্রচারের পাশাপাশি এই বাসগুলো আবার জন্ম দিচ্ছে বিড়ম্বনাও। যেমন, সোমবার উদ্বোধনের দিনেই লেবার পার্টির বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে দলের কার্যালয়ের সামনে আসতে পারেনি। একইদিন অক্সফোর্ডশায়ারে প্রচারে গিয়ে চিকন রাস্তায় ঢুকে ইউ টার্ন নিতে বেগ পেতে হয় লিবারেল ডেমোক্র্যাট দলের বাসটিকে। যা রাজনীতিক মহলে হাস্যরসের খোরাক জোগাচ্ছে।