যুক্তরাজ্যে নির্বাচনে ক্যামেরনের দল ধরাশায়ী
যুক্তরাজ্যের একটি আসনে উপনির্বাচনে ধরাশায়ী হয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির প্রার্থী। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সেখানে জয়লাভ করেছেন। আর কনজারভেটিভ পার্টির প্রার্থীর অবস্থান তৃতীয় স্থানে। দক্ষিণ ইংল্যান্ডের ওই সংসদীয় আসনে গত বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে কনজারভেটিভ পার্টি ও তাদের জোটের অংশীদার লিবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে মূল লড়াই হওয়ার কথা ছিল। তবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জয়লাভ করলেও অপ্রত্যাশিতভাবে তৃতীয় স্থান পেয়েছেন কনজারভেটিভ পার্টির প্রার্থী। দ্বিতীয় স্থান লাভ করেছেন ইউরোপীয় ইউনিয়নবিরোধী ইউকে ইনডিপেনডেন্স পার্টির (ইউকেআইপি) প্রার্থী।কনজারভেটিভ পার্টির একজন জ্যেষ্ঠ নেতা এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তৃতীয় স্থান পেলে তা তাঁর দলের জন্য একটি ‘সংকট’ হয়ে দাঁড়াবে। প্রকাশিত ফলে দেখা যায়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইক থর্নটন পেয়েছেন ১৩ হাজার ৩৪২ ভোট, যা ইউকেআইপির প্রার্থী ডায়ান জেমসের চেয়ে এক হাজার ৭৭১ ভোট বেশি। আর কনজারভেটিভ পার্টির প্রার্থী মারিয়া হাচিংস ১০ হাজার ৫৫৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।জ্বালানিমন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা ক্রিস হুহান পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এএফপি।