যুক্তরাজ্যে নির্বাচনের মূল প্রচারণা শুরু
যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলো আগামী ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে মূল প্রচারণা পর্ব শুরু করেছে। আজ সোমবার চলতি পার্লামেন্টের বিলুপ্তি ঘোষণার পর এমপিরা নিজ নিজ নির্বাচনী আসনে মূল পর্বের প্রচারণা শুরু করেছেন।
মাঠ পর্যায়ের জরিপগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে, তাতে বলা হচ্ছে দেশটিতে স্মরণকালের সবচেয়ে কঠিনতম ভোটের লড়াই হবে ৭ মে।
২০১০ সালের ন্যায় এবারও ব্রিটিশ নির্বাচনের প্রচারণায় অভিবাসন, অর্থনীতি এবং জাতীয় স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো বেশি আলোচিত হচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক কী হবে, সে প্রশ্নে রাজনৈতিক দলগুলো কঠিন পরীক্ষায় পড়েছে। কারণ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকদের অবাধ প্রবেশাধিকারের কারণে ক্যামেরনের সরকার অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয় ঋণ মোকাবিলার নামে ব্যাপক হারে কল্যাণ ব্যয় হ্রাসের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
ফলে কনজারভেটিভ দলের প্রতি ভোটারদের যেমন আস্থাহীনতা তৈরি হয়েছে, তেমনি বিরোধী দল লেবার পার্টি যে তাদের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে, সেই বিষয়েও নিশ্চিত হতে পারছেন না অনেকে। ভোটারদের এমন অনিশ্চয়তা স্পষ্ট হয়েছে নির্বাচনী জনমত যাচাইয়ে।
২০১০ সালের নির্বাচন নিয়ে মোট ৭৫টি জরিপের ফলাফল প্রকাশিত হয়েছিল। ওই সব জরিপে দ্বিধাগ্রস্ত ভোটারদের সংখ্যা ছিল প্রায় ১২ শতাংশ। কিন্তু এবারের নির্বাচন নিয়ে এরই মধ্যে জরিপের শতাধিক ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে দ্বিধাগ্রস্ত ভোটারের সংখ্যা প্রায় ২৬ শতাংশ। ফলে ৭ মে নির্বাচনে কোন দল কত আসন পাবে, সেই প্রশ্নে পূর্বাভাস দিতে গিয়ে খোদ জরিপকারীই আছেন বিপাকে। তবে মোট ৬৫০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২৫টি আসন এককভাবে কোনো দল পাবে না বলে মনে করেন তাঁরা। ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের অবস্থান প্রশ্নে ২০১৭ সালে গণভোটের আয়োজন করবেন প্রতিশ্রুতি দিয়ে আজ কনজারভেটিভ দলের নেতা ডেভিড ক্যামেরন বলেন, এবারের নির্বাচনে ভোটারদের কঠিন পছন্দের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকবে হবে। অন্যদিকে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়লে শুধু যুক্তরাজ্যের অর্থনীতি নয়; বিশ্ব দরবারে যুক্তরাজ্যের প্রভাবও বিপর্যয়ের শিকার হবে। নির্বাচনী রীতি অনুযায়ী যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দুটি ধাপে প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ৩০ মার্চ পর্যন্ত ছয় মাস সাধারণ প্রচারণা এবং ৩০ মার্চ থেকে নির্বাচনের দিন পর্যন্ত পাঁচ সপ্তাহ সময়কে বলা হচ্ছে মূল প্রচারণা। ৯ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান এবং প্রত্যাহারের শেষ দিন। প্রচারণার পাশাপাশি ২, ১৬ এবং ৩০ এপ্রিল রাজনৈতিক নেতারা সরাসরি টিভি বিতর্কে অংশ নেবেন।